ঘর ঝাড়ু দেওয়ার কথা বলে ডেকে নিয়ে কিশোরীকে ধর্ষণ

পঞ্চগড়ে প্রতিবেশী তিন তরুণের হাতে এক কিশোরী ধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় তরুণীর বাবা পঞ্চগড় সদর থানায় মৌখিক অভিযোগ দিলে তিন অভিযুক্তকে পঞ্চগড় সদর থানায় জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। 

ঘটনাটি বুধবার বিকেলে পঞ্চগড় সদর উপজেলার হাফিজাবাদ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের কায়েতপাড়া গ্রামের। বৃহস্পতিবার দুপুরে মেয়েটির বাবা মেয়েকে নিয়ে পঞ্চগড় সদর থানায় হাজির হয়ে মৌখিক ঘটনা জানালে পুলিশ অভিযুক্তদের কায়েতপাড়া এলাকা থেকে আটক করে।

পুলিশ স্থানীয় প্রতিবেশী এবং কিশোরীর পরিবার জানান, মেয়েটির বাবা বাড়িতে না থাকায় প্রতিবেশী বাবুলের বাড়ির সামনে খেলতে যায়। খেলা করার সময় কায়েতপাড়া এলাকার আনিসুরের ছেলে শিমুল ঘর ঝাড়ু দেওয়ার কথা বলে মফিদারের বাসায় নিয়ে যায়। সেখানে বাড়ির মালিক মফিদারের ছেলে ফাহিম, প্রতিবেশী খসিমউদ্দিনের ছেলে সাকিব মিলে তাকে ধর্ষণ করে।

পরে পঞ্চগড় সদর থানার ওসি আশরাফুল ইসলামের নির্দেশে সদর থানা পুলিশ অভিযুক্ত তিন তরুণকে আটক করে থানায় জিজ্ঞাসাবাদ করেন। সেই সঙ্গে মেয়েটিকে স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা করেন।

পঞ্চগড় সদর থানার ওসি আশরাফুল ইসলাম জানান, ঘটনার পর মেয়েটির বাবার অভিযোগের ভিত্তিতে তিন অভিযুক্তকে থানা হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সেই সঙ্গে স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে। স্বাস্থ্য পরীক্ষার পর আইনি ব্যবস্থা নেওয়া হবে।