যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে প্রেসিডেন্ট ভবন হোয়াইট হাউজে ‘ফস্টারিং দ্য ফিউচার টুগেদার গ্লোবাল কোয়ালিশন সামিট’- এর সমাপনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান। এ সময় তিনি যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প ও বিভিন্ন দেশের ফার্স্ট লেডিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ এবং কুশলাদি বিনিময় করেন। তারা শিশুদের কল্যাণে একযোগে কাজ করার জন্য একমত হন।
মেলানিয়া ট্রাম্পের আমন্ত্রণে ‘ফস্টারিং দ্য ফিউচার টুগেদার : গ্লোবাল কোয়ালিশন সামিট’ শীর্ষক সম্মেলনে অংশগ্রহণের লক্ষ্যে এক সরকারি সফরে বর্তমানে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে রয়েছেন ডা. জুবাইদা রহমান। গত মঙ্গল ও বুধবার অনুষ্ঠিত এ সম্মেলনে বিশ্বের ৪৫টিরও অধিক দেশের ফার্স্ট লেডি এবং রাষ্ট্রনেতাদের সহধর্মিণীরা অংশগ্রহণ করেন, যা বিশ্বব্যাপী শিশুদের কল্যাণ ও সম্ভাবনা উন্নয়নে উচ্চপর্যায়ের সংলাপের একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করছে।
ডা. জুবাইদা রহমান একজন চিকিৎসক হিসেবে প্রতিটি শিশুর জন্য সহজলভ্য ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করার প্রতিশ্রুতির কথা সম্মেলনে জানান। তার সফরসঙ্গী হিসেবে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান, ডা. শাহ মুহাম্মদ আমান উল্লাহ এবং ব্যারিস্টার মেহনাজ মান্নান।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সেক্রেটারি আতিকুর রহমান রুমন এসব কথা জানিয়ে বলেন, গত বুধবার স্থানীয় সময় সকালে হোয়াইট হাউজে মার্কিন ফার্স্ট লেডি ও সম্মেলনের আয়োজক মেলানিয়া ট্রাম্প ডা. জুবাইদা রহমানসহ আগত সব অতিথিকে স্বাগত জানান। পরে মার্কিন ফার্স্ট লেডির স্বাগত বক্তব্যের মাধ্যমে সম্মেলনের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। এ সময় জুবাইদা রহমান আবারও শিশুদের জন্য একটি নিরাপদ ভবিষ্যৎ বিনির্মাণে সবাইক ভূমিকা পালনের আহ্বান জানান। ডা. জুবাইদা এরপর মেলানিয়া ট্রাম্পের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ এবং কুশলাদি বিনিময় করেন। এ ছাড়াও তারা শিশুদের কল্যাণে একযোগে কাজ করার জন্য একমত হন।