মির্জা ফখরুল বললেন

জুলাই অভ্যুত্থানের মাধ্যমে গণতন্ত্র ফেরার পথ তৈরি হয়েছে

জুলাই অভ্যুত্থানের মাধ্যমে দেশে গণতন্ত্র ফেরার পথ তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতকাল বৃহস্পতিবার সকালে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি এ মন্তব্য করেন।

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে মির্জা ফখরুল বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি সারা দেশের মানুষ অত্যন্ত আশাবাদী, আস্থাশীল। তার নেতৃত্বে বাংলাদেশ অবশ্যই একটা গণতান্ত্রিক সুখী সমৃদ্ধ বাংলাদেশে পরিণত হবে। এই বিশ্বাস আমাদের সবার আছে।’ তিনি বলেন, ‘আজকে সম্পূর্ণ একটি ভিন্ন প্রেক্ষাপটে আমরা এই স্বাধীনতা দিবস উদযাপন করতে চলেছি। দীর্ঘ ১৫-১৬ বছর ফ্যাসিস্টের জাঁতাকলে বাংলাদেশে যখন গণতন্ত্র ধ্বংস হয়ে গিয়েছিল, স্বাধীনতা বিপন্ন হয়ে পড়েছিল, তখন বাংলাদেশ জাতীয়তাবাদী দল জনগণকে সঙ্গে নিয়ে লড়াই করেছে সংগ্রাম করেছে। প্রায় ৬০ লাখ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা হয়েছে, ২০ হাজারের মতো নেতাকর্মী শহীদ হয়েছেন, প্রায় ১ হাজার ৭০০ নেতাকর্মী গুম হয়ে গেছে।’