মধ্যপ্রাচ্যে ইরানের সঙ্গে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের চলমান সংঘাতে কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি বাংলাদেশসহ ছয় ‘বন্ধুরাষ্ট্রের’ জন্য খোলা থাকবে। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি এ কথা জানিয়েছেন। দেশগুলো হলো বাংলাদেশ, চীন, রাশিয়া, পাকিস্তান, ইরাক ও ভারত। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
সাক্ষাৎকারে আব্বাস আরাঘচি বলেছেন, পশ্চিমা গণমাধ্যমে দাবি করা হচ্ছে প্রণালিটি পুরোপুরি বন্ধ, যা সঠিক নয়। অনেক দেশ ও জাহাজ মালিক তাদের জাহাজের নিরাপদ যাতায়াত নিশ্চিত করার জন্য ইরানের সঙ্গে যোগাযোগ করেছে। তবে যেসব দেশকে ইরান ‘বন্ধু’ হিসেবে বিবেচনা করে, তাদের ক্ষেত্রে সশস্ত্র বাহিনী নিরাপদে প্রণালি পারাপারের ব্যবস্থা করেছে। ছয় ‘বন্ধুরাষ্ট্রের’ জন্য হরমুজ প্রণালি খোলা থাকবে। চীন, রাশিয়া, পাকিস্তান, ইরাক, ভারত এমনকি বাংলাদেশও এই সমন্বয়ের আওতায় রয়েছে। ইতিমধ্যে ভারতের দুটি জাহাজ নিরাপদে প্রণালি অতিক্রম করেছে বলেও তিনি উল্লেখ করেন। এ ক্ষেত্রে শত্রু বা বিরোধী দেশগুলোর জন্য এই পথ উন্মুক্ত নয়। বর্তমান পরিস্থিতিতে অঞ্চলটি একটি যুদ্ধক্ষেত্র এবং যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও কিছু উপসাগরীয় দেশের জাহাজকে প্রণালি ব্যবহার করতে দেওয়া হবে না।
বিশেষজ্ঞরা বলছেন, এ ঘোষণার মাধ্যমে ইরান একদিকে যেমন তার কৌশলগত নিয়ন্ত্রণ বজায় রাখছে, অন্যদিকে বন্ধুরাষ্ট্রগুলোর সঙ্গে বাণিজ্যিক ও কূটনৈতিক সম্পর্কও ধরে রাখতে চাইছে।