ব্রাজিলের হারের পর ‘নেইমার’ ‘নেইমার’ স্লোগান: যা বললেন আনচেলত্তি

ম্যাচ শেষ হতে না হতেই গ্যালারি থেকে ভেসে আসছিল সেই চিরচেনা স্লোগান— ‘ওলে, ওলে, ওলা, নেইমার, নেইমার’। ফ্রান্সের বিপক্ষে হারের তেতো স্বাদ নিয়ে যখন মাঠ ছাড়ছে সেলেসাওরা, তখন চোটের কারণে স্কোয়াডে না থাকা ৩৪ বছর বয়সী নেইমারের অভাবটা যেন আরও বেশি করে টের পাচ্ছিলেন সমর্থকরা। তবে ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে এই ‘নেইমার-বন্দনা’ নিয়ে খুব একটা বিচলিত দেখাল না ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তিকে।

পুরো ফিট না হওয়ায় নেইমারকে এই প্রীতি ম্যাচের দলে রাখেননি আনচেলত্তি। সমর্থকদের দাবির মুখে তিনি কিছুটা কৌশলী জবাবই দিলেন। ৬৬ বছর বয়সী এই কোচ বলেন, “আমাদের এখন তাদের নিয়ে কথা বলা উচিত যারা আজ মাঠে খেলেছে এবং নিজের সবটুকু উজাড় করে দিয়েছে। তারা লড়াই করেছে, কঠোর পরিশ্রম করেছে এবং আমি তাদের নিয়ে সন্তুষ্ট। আমাদের এখন ক্রোয়েশিয়ার বিপক্ষে পরবর্তী ম্যাচের প্রস্তুতি নিতে হবে।”

ম্যাচ হারলে কেউ খুশি হয় না, আনচেলত্তিও তার ব্যতিক্রম নন। তবে দলের লড়াই করার মানসিকতায় তিনি খুশি, “হারলে খুশি হওয়ার কিছু নেই, আমরাও খুশি নই। ফলাফলই বলে দেয় আমরা কোথায় ভালো করেছি আর কোথায় ভুল। বিল্ড-আপ প্লে-তে আমাদের আরও শান্ত থাকা উচিত ছিল। বিশেষ করে প্রতিপক্ষের কাউন্টার অ্যাটাক রোখার ক্ষেত্রে আমরা যথেষ্ট সতর্ক ছিলাম না।”

রিয়াল মাদ্রিদের ভিনিসিউস জুনিয়র এবং বার্সেলোনার রাফিনহার অফ-ফর্ম নিয়ে প্রশ্ন উঠলেও আনচেলত্তি আগলে রাখলেন তার শিষ্যদের। তার মতে, “তাদের কোনো কিছুর অভাব নেই। রাফিনহা প্রথমার্ধে দারুণ খেলেছে, চোটের কারণে তাকে তুলে নিতে হয়েছে। ভিনি সবসময়ই বিপজ্জনক; সে গোল না পেলেও স্ট্রাইকাররা যেকোনো মুহূর্তে জ্বলে উঠতে পারে।”

হারের মাঝেও আনচেলত্তির প্রাপ্তি তরুণ ফুটবলারদের পারফরম্যান্স। গোলদাতা ব্রেমার এবং লোর রক্ষণভাগের পারফরম্যান্সের প্রশংসা করে তিনি বলেন, “দলটি বেশ তরুণ ছিল, যারা আগে একসঙ্গে খেলেনি। এই প্রতিযোগিতা দলের জন্য ভালো।” আগামী ৩০ মের মধ্যে ফিফার কাছে বিশ্বকাপের চূড়ান্ত স্কোয়াড জমা দিতে হবে, আর আনচেলত্তি স্বীকার করেছেন যে সেই দল নির্বাচন করা তাঁর জন্য মোটেও সহজ হবে না।

আগামী মঙ্গলবার ফ্লোরিডার অরল্যান্ডোতে ক্রোয়েশিয়ার মুখোমুখি হবে ব্রাজিল। সেই ম্যাচেও গ্যালারিতে ‘নেইমার’ ধ্বনি প্রতিধ্বনিত হবে কি না, তা নির্ভর করবে মাঠের পারফরম্যান্সের ওপর।