যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্টের ক্ষেত্রে প্রথমবারের মতো দেশটির মুদ্রায় যুক্ত হতে যাচ্ছে প্রেসিডেন্টের স্বাক্ষর। ডোনাল্ড ট্রাম্প-এর স্বাক্ষর শীঘ্রই মার্কিন ডলারের নোটে যুক্ত করা হবে বলে জানিয়েছে মার্কিন ট্রেজারি বিভাগ।
বৃহস্পতিবার (২৬ মার্চ) দেওয়া এ ঘোষণায় বলা হয়, আগামী ৪ জুলাই যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০ বছর পূর্তি উপলক্ষে এ উদ্যোগ নেওয়া হয়েছে। ক্ষমতাসীন কোনো প্রেসিডেন্টের স্বাক্ষর মুদ্রায় যুক্ত হওয়ার ঘটনা এটিই প্রথম।
এখন পর্যন্ত মার্কিন ডলারের বিভিন্ন মূল্যমানের নোটে ট্রেজারি সচিব ও ট্রেজারারের স্বাক্ষরই থাকে। তবে নতুন পরিকল্পনা অনুযায়ী সেই নিয়মে পরিবর্তন আসছে। মার্কিন ট্রেজারি সচিব স্কট বেসেন্ট বলেন, ট্রাম্পের নেতৃত্বে যুক্তরাষ্ট্র অভূতপূর্ব অর্থনৈতিক প্রবৃদ্ধি ও রাজস্ব স্থিতিশীলতার পথে এগিয়েছে। তার ঐতিহাসিক সাফল্যকে স্বীকৃতি দিতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তবে অর্থনৈতিক পরিসংখ্যান বলছে, ট্রাম্পের আমলে প্রবৃদ্ধি মোটামুটি আগের ধারাবাহিকতাতেই রয়েছে। ২০২৫ সালে যুক্তরাষ্ট্রের জিডিপি প্রবৃদ্ধি হয়েছে ২ দশমিক ২ শতাংশ, যা ২০২২ থেকে ২০২৪ সময়ের গড় ২ দশমিক ৫ শতাংশের চেয়ে কিছুটা কম।
এদিকে ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসম এই সিদ্ধান্তকে ব্যঙ্গ করে বলেন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়ার জন্য কাকে দায়ী করতে হবে, তা এখন মার্কিনরা সহজেই বুঝতে পারবেন।
এর আগে গত সপ্তাহে ট্রাম্প প্রশাসনের আরেকটি সিদ্ধান্তে সমালোচনা তৈরি হয়, যখন জীবিত প্রেসিডেন্টের ছবি বহনকারী একটি স্মারক স্বর্ণমুদ্রা তৈরির অনুমোদন দেওয়া হয়। সমালোচকদের অনেকে এ ধরনের পদক্ষেপকে স্বৈরশাসক বা রাজতান্ত্রিক আচরণের সঙ্গে তুলনা করেছেন।
উল্লেখ্য, ব্যবসায়ী জীবনে নিজের ব্র্যান্ডকে জোরালোভাবে প্রতিষ্ঠা করা ট্রাম্প হোয়াইট হাউসে ফেরার পর বিভিন্ন প্রতিষ্ঠান ও প্রকল্পে নিজের নাম যুক্ত করে আসছেন। এর মধ্যে রয়েছে জন এফ কেনেডি সেন্টার ফর দ্য পারফর্মিং আর্টস এবং ইউএস ইনস্টিটিউট অব পিসসহ আরও কয়েকটি উদ্যোগ।