জমি নিয়ে বিরোধ

হাসপাতালে ঢুকে আহত ভাতিজাকে ‘কুপিয়ে’ জখম

জমি নিয়ে বিরোধের জেরে গোপালগঞ্জের কোটালীপাড়ায় হাসপাতালে ঢুকে রাসেল বিশ্বাস নামে এক ভর্তি রোগীকে কুপিয়ে আহত করার অভিযোগ উঠেছে চাচার বিরুদ্ধে। শুক্রবার (২৭ মার্চ) সকালে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ ঘটনা ঘটে।

এর আগে একই কারণে বৃহস্পতিবার (২৬ মার্চ) উপজেলার বর্ষাপাড়া গ্রামে নিজ বাড়িতে তাকে মারধর করায় তাকে হাসপাতালে ভর্তি করা হয় বলে জানা গেছে।

আহত রাসেল বিশ্বাস (২৫) ওই এলাকার জামাল বিশ্বাসের ছেলে।

অভিযুক্তরা হলেন পান্না বিশ্বাস সম্পর্কে আহতের চাচা। এছাড়া শাওন বিশ্বাস, বাবু  বিশ্বাস, মানিক  বিশ্বাস, অনিক  বিশ্বাস ও হাফিজুর বিশ্বাস সম্পর্কে আহতের চাচাতো ভাই।

আহত রাসেলের ভাই রবিউল বিশ্বাস বলেন, দীর্ঘদিন ধরে জমি-জমা নিয়ে আমার চাচা পান্না বিশ্বাসের সাথে বিরোধ চলে আসছিল। এরই সূত্রধরে বৃহস্পতিবার রাতে পান্না বিশ্বাসের লোকজন আমার ভাইকে মারধর করে।  শুক্রবার সকালে তাকে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে শাওন  বিশ্বাস, বাবু  বিশ্বাস, মানিক  বিশ্বাস, অনিক  বিশ্বাস ও হাফিজুর  বিশ্বাস আমার ভাই রাসেলকে চাইনিজ কুড়াল দিয়ে কুপিয়ে গুরুতর আহত করের। তার অবস্থা আশঙ্কাজনক।

এ বিষয়ে জানার জন্য পান্না বিশ্বাসের সঙ্গে যোগাযোগ করে তাকে পাওয়া যায়নি।

কোটালীপাড়া থানার উপপরিদর্শক (এসআই) সুব্রত মালো বলেন, ঘটনাটি শোনার সাথে সাথে আমরা উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ছুটে গিয়েছি। পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।