দিনাজপুরের নবাবগঞ্জে উচ্ছেদ অভিযান চালিয়ে ২ দশমিক ২৪ একর সংরক্ষিত বনভূমির জায়গা উদ্ধার করে সেখানে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করেছে বনবিভাগ।
আজ শুক্রবারে দুপুরে মধ্যপাড়া রেঞ্জের আফতাবগঞ্জ বিটের জয়পুর মৌজায় কালির হাট বাজারে এ অভিযান চালান উপজেলা নির্বাহী কর্মকর্তা জিল্লুর রহমান ও মধ্যপাড়া রেঞ্জ কর্মকর্তা আল আমিন।
বনবিভাগ সূত্র জানিয়েছে, দীর্ঘদিন ধরে জয়পুর ইউনিয়নের কাতলমারী গ্রামের মৃত আব্দুল মান্নানের ছেলে সাদ্দাম হোসেনে হোসেন অবৈধভাবে সংরক্ষিত বনের জমি দখল করে গরুর ফার্ম ও রাইচ মিল করে নিজের দখলে রেখেছিলেন। বনবিভাগের পক্ষ থেকে তাদের বিরুদ্ধে মামলা ও একাধিকবার নোটিশ দেওয়ার পরও সাড়া না দেওয়ায় উপজেলা প্রশাসনের সহযোগিতায় বনবিভাগ সেখানে অভিযান চালায়। উদ্ধারকৃত জমিতে বিভিন্ন প্রকার বনজ, ফলদ ও ঔষধী গাছের চারা রোপণ করা হয়।
এ সময় মধ্যপাড়া বিট কর্মকর্তা রাফিউল ইসলাম, আফতাবগঞ্জ বিট কর্মকর্তা সাইফুল ইসলাম, আফতাবগঞ্জ পুলিশ ফাড়ির ইনচার্জ সিরাজুল ইসলাম, ভাদুরিয়া বিট কর্মকর্তা এম এস নুরসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
রেঞ্জ কর্মকর্তা আল আমিন বলেন, সংরক্ষিত বনভূমি রক্ষা ও প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখতে এই উদ্ধার অভিযান ও বনায়ন কার্যক্রম চলমান থাকবে।