মুখ্যমন্ত্রীকে নিয় কটুক্তি; পোস্ট মুছে নাসিম বললেন ‘হ্যাক হয়েছিল’

পিএসএলের মাঠের লড়াই শুরুর আগেই বিতর্কের জন্ম দিলেন পাকিস্তানের তারকা পেসার নাসিম শাহ। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকা পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মরিয়ম নেওয়াজকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) একটি বিতর্কিত মন্তব্য করে তোপের মুখে পড়েছেন তিনি।

উদ্বোধনী ম্যাচে পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি মুখ্যমন্ত্রী মরিয়ম নেওয়াজকে উষ্ণ অভ্যর্থনা জানান এবং ফ্র্যাঞ্চাইজি মালিকদের সঙ্গে পরিচয় করিয়ে দেন। সেই মুহূর্তের একটি ভিডিও পিসিবি শেয়ার করলে নাসিম শাহ সেটি রিশেয়ার করে লেখেন, ‘তাকে লর্ডসের রানির মতো খাতির করা হচ্ছে কেন?’ সরাসরি রাজনৈতিক বিদ্রূপাত্মক এই পোস্টটি মুহূর্তেই ভাইরাল হয়ে যায় এবং পিএসএল সমর্থকদের মধ্যে তীব্র বিতর্কের জন্ম দেয়।নাসিমের এক্স অ্যকাউন্টের সেই আলোচিত পোস্ট এবং পরবর্তীতে হ্যাকিংয়ের অভিযোগ।

পোস্টটি ভাইরাল হওয়ার কিছুক্ষণ পরই নাসিম সেটি ডিলিট করে দেন এবং একটি স্পষ্টীকরণ বার্তা পোস্ট করেন। সেখানে তিনি দাবি করেন, ‘নাসিমের এই অ্যাকাউন্টটি সম্প্রতি হ্যাক করা হয়েছিল, তবে এখন তা সফলভাবে পুনরুদ্ধার করা হয়েছে।’ অর্থাৎ, বিতর্কিত পোস্টটি তিনি নিজে করেননি বরং হ্যাকাররা করেছে বলে দায় এড়ানোর চেষ্টা করেছেন তিনি। এই বিতর্কের পরও নাসিম শাহর বিরুদ্ধে এখন পর্যন্ত কোনো আইনি ব্যবস্থা নেওয়া হয়নি।

চলতি পিএসএলে নাসিম ‘রাওয়ালপিন্ডি পিন্ডিজ’-এর হয়ে খেলবেন, যারা পিএসএলে প্রথমবারের মতো অংশ নিচ্ছে। এদিকে গতকাল উদ্বোধনী ম্যাচে হায়দরাবাদ কিংসের জার্সির রঙ লেগে সাদা বল ‘গোলাপি ও লাল’ হয়ে যাওয়ার ঘটনায় তোলপাড় শুরু হয়েছে। রসিকতা করছেন মার্নাস লাবুশেনের মতো তারকা ক্রিকেটাররাও। রাজনৈতিক বিতর্ক আর মাঠের অদ্ভুত সব কাণ্ড মিলিয়ে এবারের পিএসএল শুরু থেকেই সরগরম।