ময়মনসিংহের গফরগাঁওয়ে বাড়ির জমির সিমানা নিয়ে বিরোধে আলম মিয়া (৩০) নামে এক যুবককে বাড়ি থেকে নিয়ে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। হত্যায় জড়িত তিনজনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৬মার্চ) বিকেলে গফরগাঁও উপজেলার পড়শীপাড়া এলাকায় বিকেলে এই ঘটনা ঘটে। পুলিশ রাত দেড় টার দিকে খবর পেয়ে লাশ উদ্ধার করে। নিহত আলম মিয়া ওই এলাকার সহরুদ্দিনের ছেলে এবং তিনি পেশায় একজন রিকশাচালক।
এ ঘটনায় আটককৃতরা হলেন, মৃত আব্দুল আউয়ালের ছেলে মো. আব্দুল কাদের (৫৫), মোহাম্মদ ইব্রাহিমের ছেলে মোহা. মাজহারুল (৩০), শামসুল হকের ছেলে মোহা. ইমরান ইসলাম (২৫)। গ্রেপ্তার প্রত্যেকেই একই উপজেলার বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সুত্র জানায়, ওই এলাকার আলম মিয়ার পরিবারের সাথে আমান মিয়া ও তার পরিবারের সদস্যদের দীর্ঘদিন ধরে বাড়ির জমির সীমানা নিয়ে বিরোধ চলে আসছিল। এ নিয়ে স্থানীয়ভাবে বেশ কয়েকবার সালিশও হয়েছে। তবে কোন মিমাংসা হয়নি। ঘটনার দিন বৃহস্পতিবার বিকাল ৫টার দিকে বাড়ির জমির সীমানা বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা তৈরি হয়। ঘটনার একপর্যায়ে ভিকটিম আলম মিয়া প্রতিপক্ষ আমান মিয়ার মা আসিয়া বেগমকে মারধর করে। এই ঘটনার জেরে আমান মিয়া ও তার পরিবারের সদস্যরা আলম মিয়াকে বাড়ি থেকে তুলে নিজ বাড়ির একটি কক্ষে আটকে রেখে মারধর করে। এতে আলম মিয়া ঘটনাস্থলেই মারা মারা যায়। পরে খবর পেয়ে পুলিশ ওই দিন রাত দেড়টায় আলম মিয়ার মরদেহ উদ্ধার করে।
ময়মনসিংহ অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মো. আব্দুল্লাহ আল মামুন বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার সাথে জড়িত অন্য আসামিদের গ্রেফতারে অভিযান চলছে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানান তিনি।