রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় ফিলিং স্টেশন ও অনুমোদিত ডিলার ব্যতীত বিভিন্ন দোকান ও খোলা বাজারে অবৈধভাবে জ্বালানি তেল মজুদ ও অতিরিক্ত দামে বিক্রির অভিযোগে কঠোর অবস্থান নিয়েছে প্রশাসন। উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, বালিয়াকান্দিতে একটি ফিলিং ষ্টেশন ও বিভিন্ন পেট্রোলিয়াম কোম্পানির অনুমোদিত ডিলার আছে আরও তিনজন। সম্প্রতি এলাকায় কিছু অসাধু ব্যবসায়ী গোপনে ডিজেল, পেট্রোল ও অকটেন মজুদ করে কৃত্রিম সংকট সৃষ্টি করছে এবং সাধারণ ভোক্তাদের কাছ থেকে অতিরিক্ত দাম আদায় করছে, এমন একাধিক অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে মাঠ পর্যায়ে নজরদারি ও অভিযান জোরদার করা হয়েছে।
এ প্রেক্ষিতে বালিয়াকান্দি উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) চৌধুরী মুস্তাফিজুর রহমান জনগণের কাছে সুনির্দিষ্ট তথ্য আহ্বান করেছেন। শুক্রবার রাতে তিনি বলেন, আমাদের তথ্য প্রয়োজন, সুনির্দিষ্ট তথ্য। তিনি জানিয়েছেন, ফিলিং স্টেশন বা অনুমোদিত ডিলার ছাড়া অন্য কোথাও জ্বালানি তেল বিক্রি বা গুদামজাত করার প্রমাণ (ছবি বা ভিডিওসহ) থাকলে তা হোয়াটসঅ্যাপ নম্বর +880 1733-336407-এ পাঠানোর জন্য অনুরোধ করা হচ্ছে। তিনি আরও বলেন, প্রাপ্ত তথ্য যাচাই-বাছাই করে সংশ্লিষ্টদের বিরুদ্ধে তাৎক্ষণিক আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। একইসঙ্গে তথ্যদাতার পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে বলেও আশ্বস্ত করেন তিনি।