মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এফবিআই (FBI) প্রধান কাশ প্যাটেলের ব্যক্তিগত ইমেইল অ্যাকাউন্ট হ্যাক করার চাঞ্চল্যকর দাবি করেছে ইরান-ঘনিষ্ঠ একটি হ্যাকার গোষ্ঠী।
শুক্রবার এক প্রতিবেদনে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, হ্যাকাররা কেবল অ্যাকাউন্টটি হ্যাকই করেনি, বরং প্যাটেলের ব্যক্তিগত ছবি এবং জীবনবৃত্তান্তও (CV) ইন্টারনেটে ফাঁস করে দিয়েছে।
মার্কিন বিচার বিভাগ (DOJ) এই অনুপ্রবেশের খবরটি নিশ্চিত করেছে। একজন উচ্চপদস্থ কর্মকর্তা জানিয়েছেন যে, ফাঁস হওয়া তথ্যগুলো প্রাথমিক পর্যবেক্ষণে ‘নির্ভরযোগ্য’ বা সত্য বলে মনে হচ্ছে। তবে এই হ্যাকিংয়ের মাধ্যমে ঠিক কতটুকু সংবেদনশীল তথ্য হাতিয়ে নেওয়া হয়েছে, সে বিষয়ে বিস্তারিত কোনো মন্তব্য করেনি তারা।
‘হানাদালা’ নামক একটি হ্যাকার দল এই হামলার কৃতিত্ব দাবি করেছে। তারা তাদের ওয়েবসাইটে একটি বার্তা দিয়ে প্যাটেলকে ‘সাফল্যের সাথে হ্যাক করা ব্যক্তিদের তালিকায়’ অন্তর্ভুক্ত করার ঘোষণা দেয়।
রয়টার্সের পর্যালোচনায় দেখা গেছে, ফাঁস করা নথিপত্রে ২০১০ থেকে ২০১৯ সালের মধ্যবর্তী সময়ের ব্যক্তিগত ও পেশাগত তথ্য রয়েছে। তবে এই বিষয়ে তাৎক্ষণিকভাবে এফবিআই বা হ্যাকার গোষ্ঠীর পক্ষ থেকে সরাসরি কোনো বক্তব্য পাওয়া যায়নি।
সূত্র: সিএনএন