পঞ্চগড়ে বিশ্ব নাট্য দিবস উৎযাপন করা হয়েছে। এ উপলক্ষ্যে শুক্রবার (২৭মার্চ) বিকেল ৫টায় পঞ্চগড় সরকারি অডিটোরিয়াম চত্বর থেকে নাট্যদল ভুমিজ ও প্রাণ প্রকৃতি পরিবেশ ও সাংস্কৃতিক উন্নয়নবিষয়ক সংস্থা কারিগরের আয়োজনে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই জায়গায় এসে শেষ হয়। শোভাযাত্রায় পঞ্চগড়ের বিভিন্ন নাট্য ও সাংস্কৃতিক সংগঠনের কর্মীরা অংশ নেন। শোভা যাত্রা শেষে ভূমিজের কার্যালয়ে গান, কবিতা ও নাটকের গান অনুষ্ঠিত হয়। শিল্পীরা তাদের গান পরিবেশন করেন। আলোচনায় ২০২৬ সালের বিশ্বনাট্য দিবসের বাণী পাঠ করেন নাট্য কর্মী মোস্তাক আহমেদ। বিশ্বখ্যাত নাট্যকার ব্রেটল্ট বেশটের জীবনী ও নাটকের উপর আলোচনা করেন মকবুলার রহমান সরকারি কলেজের ইংরেজী বিভাগের শিক্ষক কাজী রফিক।
আলোচনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মকবুলার রহমান সরকারি কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান এহতেশামুল হক। নাট্যদল ভূমিজের সাধারন সম্পাদক রনী শীলর সঞ্চালনায় এ সময় আরো বক্তব্য রাখেন উদীচী শিল্পী গোষ্ঠীর সভাপতি গোলাম কিবরিয়া, দীশারী নাট্যগোষ্ঠীর সভাপতি আল মামুন, সম্মিলিত স্বেচ্ছাসেবী ফোরামের মুখ্য সংগঠক আহসান হাবিব, ভাওয়াইয়া একাডেমিরর সভাপতি শিলু, তেঁতুলিয়া থিয়েটারের আহ্বায়ক আশরাফুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভূমিজ ও কারিগরের প্রতিষ্ঠাতা সরকার হায়দার। অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন রইস উদ্দিন, বাউল মানিক খা, ইমরান, জ্যোতি। কবিতা আবৃত্তি করেন কবি ফাহিম আহমদ।
শহীদুল ইসলাম শহীদ
অনুষ্ঠানে সভাপতি সরকার হায়দার বলেন, ২৭ মার্চ, ‘ওয়ার্ল্ড থিয়েটার ডে’ বা বিশ্ব নাট্য দিবস; নাট্যকলা বা থিয়েটার শিল্পের গুরুত্বকে স্বীকৃতি জানাতে, এই শিল্পরূপের প্রচার ঘটাতে এবং সাংস্কৃতিক আদান-প্রদানকে উৎসাহিত করতে প্রতি বছর এই দিনটি পালন করা হয় । ১৯৬২ সালে ‘ইন্টারন্যাশনাল থিয়েটার ইনস্টিটিউট’ বা আইটিআই-এর উদ্যোগে প্রবর্তিত এই দিনটিতে নাট্যকলা ও সমাজে এর ভূমিকাকে তুলে ধরার লক্ষ্যে বিশ্বখ্যাত শিল্পীদের বার্তা, বিভিন্ন পরিবেশনা এবং কর্মশালার আয়োজন করা হয়ে থাকে।