বছরের এ সময়টায় ঢাকা প্রিমিয়ার লিগ খেলতেই ব্যস্ত থাকেন শীর্ষ ক্রিকেটাররা। তবে এবারের পরিস্থিতি একটু আলাদা। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালনা পর্ষদ নির্বাচনকে অবৈধ দাবি করে প্রথম ও দ্বিতীয় বিভাগ ক্রিকেটে অংশ নেয়নি বেশ কিছু ক্লাব। প্রিমিয়ার লিগ শুরুর দিনক্ষণও ঘোষণা করা হয়নি। তবে সময়কে তো থামিয়ে রাখা যাবে না, তাই নিউজিল্যান্ড সিরিজ ও আসন্ন আন্তর্জাতিক সিরিজ সামনে রেখে মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হয়েছে ফিটনেস ক্যাম্প। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ট্রেনার ইফতেখার ইসলাম ইফতির অধীনে শুরু হয়েছে এ ক্যাম্প, যেখানে অংশ নিচ্ছেন ৩১ জন ক্রিকেটার। পাকিস্তান সুপার লিগ খেলতে দেশের বাইরে থাকা ক্রিকেটাররা এ ক্যাম্পে নেই, আছেন বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে থাকা বাকি ক্রিকেটাররা এবং চুক্তির বাইরে থাকা হাই-পারফরম্যান্স দলের কয়েকজন ক্রিকেটারও। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের প্রধান কোচ ফিল সিমন্স তত্ত্বাবধান করছেন এই ফিটনেস ক্যাম্পের, ছিলেন ফিল্ডিং কোচ জেমস প্যামেন্টও।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ক্রিকেট অপারেশন বিভাগের কর্মকর্তা শাহরিয়ার নাফীস দেশ রূপান্তরকে জানিয়েছেন, এ ক্যাম্পটা মূলত লাল ও সাদা বল, দুই সংস্করণের ক্রিকেটারদের নিয়েই শুরু হয়েছে। সাদা বলের ক্রিকেটার যারা আছেন, তাদের নিউজিল্যান্ড সিরিজ মাথায় রেখেই ডাকা হয়েছে আর লাল বলের ক্রিকেটারদের সামনে বিসিএল (বাংলাদেশ ক্রিকেট লিগ, চার দিনের ম্যাচ) আছে এবং পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ আছে। সবকিছু মাথায় রেখেই এ ক্যাম্পটা শুরু করা হয়েছে। স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদ এবং পেস বোলিং কোচ শন টেইট দুদিন পর ক্যাম্পে যোগ দেবেন।