আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি শুক্রবার বলেছেন, অধিনায়ক লিওনেল মেসি এখনো জুনে শুরু হতে যাওয়া ফিফা বিশ্বকাপে খেলবেন কি না, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেননি। বিশ্ব চ্যাম্পিয়নদের শিরোপা ধরে রাখার অভিযান শুরুর বাকি আর ৭৬ দিন। অথচ মেসিকে নিয়ে সংশয় মেঘটা রয়েই গেছে। সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে স্কালোনি দলে মেসিকে পাওয়ার ইচ্ছার কথা জোর দিয়ে উল্লেখ করেন, তবে স্বীকার করেন যে সিদ্ধান্তটি নির্ভর করছে তার শারীরিক অবস্থা ও মানসিকতার ওপর, ‘(মেসির ব্যাপারে) আমার অবস্থান সম্পর্কে আপনারা আগেই জানেন। আমি তাকে দলে রাখার জন্য সর্বোচ্চ চেষ্টা করব। ফুটবলের স্বার্থে তার থাকা উচিত বলে আমি বিশ্বাস করি। তবে সিদ্ধান্তটা আমার একার নয়। এটা তার ওপরই নির্ভর করছে তার মানসিক অবস্থা, তার শারীরিক অবস্থা।’