রোড সেফটি ফাউন্ডেশন

ঈদযাত্রায় সড়ক দুর্ঘটনায় নিহত ২৭৪ জন

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে চলতি বছরের ঈদযাত্রায় দেশে সড়ক দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা আশঙ্কাজনক হারে বেড়েছে। সড়ক নিরাপত্তা নিয়ে কাজ করা সংস্থা রোড সেফটি ফাউন্ডেশনের তথ্য অনুযায়ী, ঈদের আগে ও পরের ১০ দিনে সারাদেশে মোট ২৭৪ জন প্রাণ হারিয়েছেন।

সংস্থাটির তথ্য অনুযায়ী, ১৭ থেকে ২৬ মার্চ ভোর পর্যন্ত দেশে মোট ৩৪২টি সড়ক দুর্ঘটনা ঘটেছে এবং এতে বহু মানুষ আহত হয়েছেন। অন্যদিকে গত বছর ঈদুল ফিতরের ছুটিতে ১১ দিনে নিহতের সংখ্যা ছিল ২৪৯ জন। সেই তুলনায় এ বছর ঈদে সড়ক দুর্ঘটনায় মৃত্যুর হার স্পষ্টভাবে বৃদ্ধি পেয়েছে। এবারের ঈদযাত্রায় কয়েকটি বড় ধরনের দুর্ঘটনা সারাদেশে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। ২১ মার্চ রাতে কুমিল্লায় বাস ও ট্রেনের সংঘর্ষে ১২ জন প্রাণ হারান। এ ছাড়া ২৫ মার্চ রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় পদ্মা নদীতে একটি যাত্রীবাহী বাস ডুবে গিয়ে ২৬ জনের মৃত্যু হয়েছে।

অন্যদিকে সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ সড়ক পরিবহন কর্র্তৃপক্ষ (বিআরটিএ)-এর তথ্য বলছে, ১৭ থেকে ২৩ মার্চ পর্যন্ত ৭ দিনে দেশে ৯২টি সড়ক দুর্ঘটনা ঘটে। এসব দুর্ঘটনায় ১০০ জনের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন ২১৭ জন।

পুলিশ সদর দপ্তরের এক গবেষণায় উঠে এসেছে, প্রায় ৪২ শতাংশ সড়ক দুর্ঘটনার জন্য দায়ী চালকদের অতিরিক্ত গতিতে গাড়ি চালানো। পাশাপাশি ফিটনেসবিহীন যানবাহন এবং লাইসেন্সবিহীন চালকদের উপস্থিতি পরিস্থিতিকে আরও ঝুঁকিপূর্ণ করে তুলছে। রোড সেফটি ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক সাইদুর রহমানের মতে, দুর্ঘটনা ও মৃত্যুর এই পরিসংখ্যান দেশের সড়ক ব্যবস্থাপনার দুর্বলতাকে পরিষ্কারভাবে প্রকাশ করছে।

বিশেষজ্ঞরা মনে করেন, ফিটনেসবিহীন যানবাহনের চলাচল বন্ধ করা, চালকদের যথাযথ প্রশিক্ষণের ব্যবস্থা করা এবং মহাসড়কে আধুনিক ট্রাফিক ব্যবস্থাপনা চালু করতে পারলে সড়ক দুর্ঘটনা ও প্রাণহানি অনেকটাই কমিয়ে আনা সম্ভব।