২৪-এর ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে চট্টগ্রামে পুলিশের গুলিতে নিহত শহীদ জামালের মেয়ে তানিয়া আক্তার রুমির বিয়ের সম্পূর্ণ খরচ ও শুভেচ্ছা উপহার পাঠিয়েছেন ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক ও প্রধানমন্ত্রী তারেক রহমান। গতকাল শুক্রবার সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে শহীদ জামালের পরিবারের হাতে এই আর্থিক সহায়তা তুলে দেওয়া হয়।
একই অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ জপেল চাকমার জন্যও শুভেচ্ছা উপহার ও মাসিক শিক্ষাবৃত্তির ঘোষণা দেওয়া হয়েছে। এ ছাড়া ব্লাড ক্যানসারে আক্রান্ত মার্জিয়া আক্তার মাইশাকেও চিকিৎসা বাবদ সহায়তা করেছে ‘আমরা বিএনপি পরিবার’।
অনুষ্ঠানের প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে বিশেষ এই উপহার শহীদ পরিবারের কাছে হস্তান্তর করেন ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। এ সময় আরও উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। এ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব-১ জাহিদুল ইসলাম রনি। এ সময় উপস্থিত ছিলেন ‘আমরা বিএনপি পরিবার’-এর উপদেষ্টা ও কেন্দ্রীয় বিএনপি নেতা মো. আবুল কাশেম, সংগঠনটির সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন ও সদস্য মাসুদ রানা লিটন প্রমুখ।
অনুষ্ঠানে আতিকুর রহমান রুমন শহীদ জামালের সহধর্মিণী তাসলিমা আক্তারের সঙ্গে কথা বলেন এবং তার পরিবারের সার্বিক খোঁজখবর নেন। তিনি শহীদ পরিবারের পাশে সর্বদা থাকার আশ্বাস দেন।
বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় বিগত গণতান্ত্রিক আন্দোলনে ক্ষতিগ্রস্ত পরিবার এবং ২৪-এর গণঅভ্যুত্থানে নিহত শহীদ পরিবারের পাশে দাঁড়ানোসহ দরিদ্র মেধাবীদের শিক্ষাবৃত্তি প্রদানের কাজ করছে ‘আমরা বিএনপি পরিবার’।