মজুদ ২৫০০ লিটার তেল বিক্রি না করায় অর্ধ লাখ টাকার জরিমানা

জামালপুরে তেল মজুদ রেখে বিক্রি না করায় দোকান মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করেছে প্রশাসন। এ সময় দোকানে মজুদ থাকা ২৫০০ লিটার তেল জব্দ করে তা মোটরসাইকেল চালকদের কাছে বিক্রি করা হয়।

শনিবার (২৮ মার্চ) সকাল ১০টার দিকে পৌর শহরের পিটিআই মোড়ে জুই এন্টারপ্রাইজ নামে একটি তেলের দোকানে এ অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউিটভ ম্যাজিস্ট্রেট বি এম এস আর আলিফ।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল থেকেই তেল নেওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে ছিলেন শতাধিক মোটরসাইকেল চালক। তবে দীর্ঘ সময় পার হলেও দোকান বন্ধ থাকায় এতে ক্ষুব্ধ হয়ে মোটরসাইকেল চালকরা জামালপুর- টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেন। এতে প্রায় দেড় ঘণ্টা সড়কে যানবাহন চলাচল বন্ধ থাকে এবং সড়কের উভয়পাশে যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে সকাল ১১টার দিকে ঘটনাস্থলে পুলিশ ও জেলা প্রশাসনের কর্মকর্তারা পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউিটভ ম্যাজিস্ট্রেট বিএমএসআর আলিফ বলেন, জুঁই এন্টারপ্রাইজের সমানে অনেক লোকের সমাগম ঘটেছে। আমরা খবর পেয়ে খোঁজ নেওয়ার জন্য ঘটনাস্থলে গিয়ে ওই স্টোরের রেজিস্টার তল্লাশ করি। কিন্তু স্টোক রেজিস্ট্রারে তেলের পরিমান শূন্য দেখায়। পরে ওই দোকান তল্লাশি করে ১৫টি ড্রামে ২ হাজার ৫০০ লিটার জ্বালানি তেলের মজুদ পাওয়া যায়। পরে ওই দোকানের মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। পর মজুদ পাওয়া তেল বিক্রি নির্দেশনা দেওয়া হয়।

জামালপুরের অতিরিক্ত পুলিশ সুপার সোহেল মাহমুদ জানান, আমরা ঘটনাস্থলে এসে পরিস্থিতি স্বাভাবিক করি। দোকান তল্লাশি করে কিছু তেল পাওয়া গেছে। গ্রাহক বেশি থাকায় দোকান মালিক আতঙ্কে তেল বিক্রি বন্ধ রেখেছিলেন। বর্তমানে মজুদ থাকা তেল গ্রাহকদের মাঝে বিতরণ করা হচ্ছে।

এ বিষয়ে জামালপুর জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ ইউসুপ আলী বলেন, কোথাও তেল মজুদ করার সুযোগ নেই। আমাদের প্রশাসন পরিস্থিতি স্বাভাবিক করতে সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছে। আজ এই দোকানে অভিযান পরিচালনা করে ৫০ হাজার টাকা জরিমানা করার পাশাপাশি আমাদের এমন অভিযান চলমান থাকবে বলে জানান তিনি।