ফুটবল বিশ্বের দুই চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা ও ব্রাজিলের লড়াই কেবল মাঠের ১১ জন খেলোয়াড়ের মধ্যেই সীমাবদ্ধ থাকে না, তা ছড়িয়ে পড়ে ডাগআউটেও। তবে আসন্ন ২০২৬ বিশ্বকাপে কৌশল আর মস্তিষ্কের লড়াইয়ে ব্রাজিলকে অনেক পেছনে ফেলে দিয়েছে আর্জেন্টিনা। ফুটবল ইতিহাসে প্রথমবারের মতো এক অনন্য এবং বিস্ময়কর দৃশ্যের সাক্ষী হতে যাচ্ছে বিশ্ব—যেখানে ব্রাজিলের কোনো প্রতিনিধিই থাকছে না, সেখানে ডাগআউটে থাকবেন অন্তত ৬ জন আর্জেন্টাইন কোচ।
২০১৮ সালের বিশ্বকাপে ৫ জন আর্জেন্টাইন কোচ থাকাটা সে সময় পর্যন্ত একটি রেকর্ড ছিল। কিন্তু ২০২৬ বিশ্বকাপে সেই রেকর্ড ভেঙে চুরমার হয়ে যাচ্ছে। ইতিমধ্যে ৬ জন আর্জেন্টাইন কোচ তাদের দলের জায়গা নিশ্চিত করেছেন, যা বিশ্বকাপের ইতিহাসে একক কোনো দেশের কোচদের জন্য সর্বোচ্চ সংখ্যার রেকর্ড।
নিশ্চিত হওয়া ৬ আর্জেন্টাইন মাস্টারমাইন্ড
১. লিওনেল স্কালোনি (আর্জেন্টিনা): বর্তমান চ্যাম্পিয়ন হিসেবে শিরোপা ধরে রাখার মিশনে নিজের দলের দায়িত্বে থাকছেন তিনি।
২. মার্সেলো বিয়েলসা (উরুগুয়ে): অভিজ্ঞ এই আধুনিক ফুটবলের গুরু উরুগুয়েকে নিয়ে নামবেন নিজের তৃতীয় বিশ্বকাপে।
৩. নেসতর লরেঞ্জো (কলম্বিয়া): ২০১৪ ও ২০১৮ বিশ্বকাপে সহকারী থাকলেও এবার প্রধান কোচ হিসেবে অভিষেক হচ্ছে তার।
৪. গুস্তাভো আলফারো (প্যারাগুয়ে): দীর্ঘ ১৬ বছর পর প্যারাগুয়েকে বিশ্বকাপে ফিরিয়ে এনেছেন এই আর্জেন্টাইন।
৫. সেবাস্তিয়ান বেকাসেস (ইকুয়েডর): চিলি ও আর্জেন্টিনার সহকারী থাকার পর এবারই প্রথম প্রধান কোচ হিসেবে বিশ্বকাপে পা রাখছেন।
৬. মাউরিসিও পচেত্তিনো (যুক্তরাষ্ট্র): স্বাগতিক যুক্তরাষ্ট্রের দায়িত্ব নিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপের ডাগআউটে দাঁড়াবেন এই হাই-প্রোফাইল কোচ।
ইতিহাসে আর্জেন্টাইন কোচদের বৈশ্বিক দাপট
আর্জেন্টিনার কোচরা যে কেবল এবারই দাপট দেখাচ্ছেন তা নয়। এর আগেও হোসে পেকারম্যান (কলম্বিয়া, ২০১৪ ও ২০১৮), মার্সেলো বিয়েলসা (চিলি, ২০১০), রিকার্ডো লা ভোল্পে (মেক্সিকো, ২০০৬), হোর্হে সাম্পাওলি (চিলি ২০১৪, আর্জেন্টিনা ২০১৮), হেক্টর কুপার (মিশর, ২০১৮), জেরার্দো 'টাটা' মার্টিনো (প্যারাগুয়ে, ২০১০ ও মেক্সিকো, ২০২২), রিকার্দো গারেক (পিরু, ২০১৮), গুস্তাভো আলফারো (ইকুয়েডর, ২০২২), হুয়ান আন্তোনিও পিজ্জি (সৌদি আরব, ২০১৮) -র মতো কোচরা ভিনদেশের ডাগআউটে দাঁড়িয়ে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছেন