পাবনার চাটমোহর রেলস্টেশনে চলন্ত ট্রেন থেকে ছিটকে পড়ে মো. শরীফ উদ্দিন নামের রেলওয়ে পুলিশের (জিআরপি) এক কনস্টেবল গুরুতর আহত হয়েছেন।
আজ শনিবার সকালে ঢাকাগামী আন্তঃনগর একতা এক্সপ্রেস ট্রেনটি স্টেশন ছেড়ে যাওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে। ঘটনাটি এক তরুণের ফোনে ধারণ করা ভিডিওতে ধরা পড়েছে।
জানা যাচ্ছে, পঞ্চগড় থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তঃনগর একতা এক্সপ্রেস ট্রেনটি ক্রসিং জনিত কারণে মূলাডুলি স্টেশনে দাঁড়ায়। প্রচুর ভিড় থাকায় ট্রেনে কর্মরত সোহেল রানাসহ আরেক পুলিশ সদস্য এবং একজন টিটি স্টেশনে নেমে পায়চারী করছিলেন। হঠাৎ সিগন্যাল পেয়ে ট্রেনটি ছেড়ে দিলে অন্য দুইজন কোনোমতে উঠতে পারলেও পুলিশ সদস্য সোহেল রানা ট্রেনে উঠতে পারেননি। পরে তিনি ট্রেনের হ্যান্ডেলে ঝুলে প্রায় ৪০ কিমি আসার পর চাটমোহর স্টেশনে ট্রেনটি অতিক্রম করার সময় রেললাইনের পাশে ছিটকে পড়ে যান। অল্পের জন্য তিনি ট্রেনের চাকার নিচে পড়েননি। এতে তিনি মাথা, মুখমণ্ডল ও শরীরের বিভিন্ন জায়গায় গুরুতর আঘাত পান।
এ সময় চাটমোহর স্টেশনে দাঁড়িয়ে থাকা মুসাব্বির হক রাসেল নামের এক তরুণ ট্রেন যাওয়ার সময় ভিডিও করছিলেন। তিনি ভিডিওটি ফেসবুকে পোস্ট দিতেই মুহূর্তেই ভাইরাল হয়ে যায়।
চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারওয়ার হোসেন জানান, পুলিশ ট্রেনেই কর্মরত ছিলেন। ট্রেন থেকে পড়ে আহত হলে হাসপাতালে আনা হয়। পরে তাকে রেলওয়ে পুলিশ সদস্যরা এসে নিয়ে গেছে।