বুয়েনস আইরেসের লা বোম্বোনেরা স্টেডিয়ামে মৌরিতানিয়ার বিপক্ষে আর্জেন্টিনার ২-১ ব্যবধানের জয়টি কেবল একটি প্রীতি ম্যাচের ফলাফল হয়ে থাকেনি। এই ম্যাচটি হয়ে রইল দুই তরুণ তুর্কির দুই ভিন্ন আবেগের সাক্ষী। একদিকে যখন নিজের স্বপ্ন পূরণ করে উল্লাসে ভাসছেন ২১ বছর বয়সী নিকো পাজ, ঠিক তখন বিশ্বকাপ স্বপ্ন চূর্ণ হওয়ার বেদনায় হাসপাতালের বিছানায় কাঁদছেন ২৩ বছর বয়সী হোয়াকিন পানিচেল্লি।
লিওনেল মেসি, ডি পল এবং পারেদেসদের মতো তারকাদের বিশ্রাম দিয়ে কোচ লিওনেল স্কালোনি যখন তরুণদের সুযোগ দিচ্ছিলেন, তখন সেই সুযোগকে দুহাতে লুফে নিয়েছেন নিকো পাজ। ম্যাচের ৩১ মিনিটে বক্সের বাইরে থেকে নেওয়া এক জাদুকরী ফ্রি-কিকে মৌরিতানিয়ার দেয়াল ভেদ করে বল জালে জড়ান তিনি। এটি ছিল আলবিসেলেস্তেদের জার্সিতে তার অষ্টম ম্যাচে প্রথম গোল।
ম্যাচ শেষে পাজ আবেগাপ্লুত হয়ে বলেন, 'ছোটবেলা থেকেই আমি এমন একটি গোলের স্বপ্ন দেখেছি। মেসির করা ফ্রি-কিকগুলোর সাথে তুলনা করা কঠিন, তবে আজ নিজের স্বপ্ন সত্যি হতে দেখে আমি খুব খুশি। বিশ্বকাপ নিয়ে এখন ভাবছি না, প্রতিদিনের পরিশ্রমে মনোযোগ দিচ্ছি।'
নিকো পাজ যখন গোলের উৎসবে মত্ত, ঠিক সেই মুহূর্তেই ফুটবলের নিষ্ঠুর বাস্তবতার মুখোমুখি হোয়াকিন পানিচেল্লি। প্রীতি ম্যাচের আগে অনুশীলনের সময় ডান হাঁটুর এসিএল ইনজুরিতে পড়েন রেসিং স্ট্রাসবার্গের এই তারকা স্ট্রাইকার। এএফএ নিশ্চিত করেছে, এই চোটের কারণে আগামী ৬ থেকে ৮ মাস মাঠের বাইরে থাকতে হবে তাকে, যার অর্থ ২০২৬ বিশ্বকাপে খেলা হচ্ছে না তার।
এটা জানতে পেরে ইনস্টাগ্রামে এক হৃদয়গ্রাহী পোস্ট দিয়েছেন পানিচেল্লি, "মাঝে মাঝে আমি বুঝতে পারি না এই যোগ্যতা বা অন্যায়ের বিষয়টি কীভাবে কাজ করে। কিন্তু আমি নিশ্চিত যে, যদি আমরা যোগ্যতার কথা বলি, তবে কেউ এমন কিছুর যোগ্য নয়। জীবন আমার কাছে কিছু স্বপ্ন পাওনা রাখল, আমি সেগুলো পরিশ্রম দিয়েই আদায় করব।"
বিশ্বকাপের দল ঘোষণার আগে এই পানিচেল্লিকে শেষ মুহূর্তে প্রীতি ম্যাচের স্কোয়াডে নিয়েছিলেন স্কালোনি।