জমি নিয়ে বিরোধে গাজীপুরে কুপিয়ে হত্যা, আহত ৩

গাজীপুর মহানগরীর পালেরপাড়া এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জেরে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আরও তিনজন গুরুতর আহত হয়েছেন। শুক্রবার দিবাগত মধ্যরাতে দিকে নগরীর ১৬ নম্বর ওয়ার্ডের পালেরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত চাঁন মিয়া (৬৫) পালেরপাড়া এলাকায় কেতু মিয়ার ছেলে। আহতরা হলেন মো. জয়নাল মিয়া, আমেনা বেগম ও মুন্নি আক্তার। তাদের গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ২৭ মার্চ রাতে পালেরপাড়া এলাকায় নিহতের ভাতিজা জয়নাল আবেদীনের বাড়িতে আসামিরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালান। এ সময় আসামিরা জয়নালকে মারধর শুরু করলে তার চাচা চান মিয়া বাধা দিতে এগিয়ে আসেন। তখন আসামিরা তাকে হত্যার উদ্দেশ্যে ধারালো অস্ত্র দিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করেন। এতে তিনি গুরুতর জখম হন। বাবার ওপর হামলা দেখে নিহতের মেয়ে আমেনা ও আত্মীয়রা এগিয়ে এলে আসামিরা তাদেরও কুপিয়ে ও পিটিয়ে জখম করেন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক চান মিয়াকে মৃত ঘোষণা করেন। আহত আমেনা ও মুন্নির অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। অপর একজন স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বাসন থানার ওসি হারুন অর রশিদ জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহতদের একই হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।