মাদারীপুরের রাজৈরে মালয়েশিয়া প্রবাসীর স্ত্রী ও তিন সন্তানের জননী রুমি বেগমের (২৯) ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তবে নিহতের পরিবারের দাবি, এটি আত্মহত্যা নয়—পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে।
আজ শনিবার রাজৈর উপজেলার ইশিবপুর ইউনিয়নের শাখারপাড় গাঙ্গকান্দি গ্রাম থেকে লাশটি উদ্ধার করা হয়।
জানা যায়, ২০১২ সালে রাজৈর উপজেলার গোবিন্দপুর এলাকার রুমি বেগমের সঙ্গে শিপন মোল্লার বিয়ে হয়। তাদের সংসারে ১২, ৪ ও ৩ বছর বয়সী দুই মেয়ে ও এক ছেলে রয়েছে। দীর্ঘদিন ধরে শ্বশুরবাড়ির লোকজনের সঙ্গে পারিবারিক কলহ চলছিল বলে জানা যায়।
নিহতের বড় বোন সুমি আক্তার জানান, বিয়ের পর থেকেই ওরা আমার বোনকে বিভিন্ন সময় শারীরিক ও মানসিক চাপে রাখত। গতকাল রাত ১০টার দিকেও বোনের সঙ্গে কথা হয়েছে। সে কিভাবে আত্মহত্যা করে। ওর শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের দাগ রয়েছে।
রাজৈর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) কুতুবউদ্দিন আহম্মেদ জানান, নিহতের পরিবার একটি অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে। পরবর্তী আইনি ব্যবস্থা চলমান রয়েছে।