চট্টগ্রামের চন্দনাইশে চলন্ত ট্রেন থেকে পড়ে এক যুবক মারত্মক আহত হয়েছেন। শুক্রবার রাত ১টার সময় চট্টগ্রাম-দোহাজারী-কক্সবাজার রেল লাইনে এ ঘটনা ঘটে।
জানা যায়, ঘটনার দিন রাত দশটার সময় চট্টগ্রামমুখী কক্সবাজার থেকে ছেড়ে আসা যাত্রীবাহী ট্রেন করে রিফাত (১৮) চট্টগ্রামে বোনের বাড়িতে যাওয়ার পথে অসাবধনাতা বসত ট্রেনের দরজায় দাঁড়ানো অবস্থা থেকে পড়ে তার দুই পা থেঁতলে যায়। আহত রিফাত সারারাত রেল-লাইনের পাশে পড়ে থাকলে ভোরে স্থানীয় লোকজন দেখতে পেয়ে উদ্ধার করে পরিবারকে খবর দেয়। পরিবারের লোকজন ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাকে ডুলাহাজারা হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করেন।
আহত রিফাত কক্সবাজার জেলার সদর উপজেলার ৫ নম্বর পিএমখালী বাংলাবাজার ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের আবদুর রহিমের ছেলে। তার বড় ভাই আরফাত ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
দোহাজারী রেলওয়ে স্টেশন মাস্টার ইকবাল হোসেন চৌধুরী জানান, ঘটনার বিষয়টি লাইনম্যান আমাকে জানান। আহত যাত্রীর পরিবার তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। সতর্ক করে তিনি বলেন, ট্রেনে ভ্রমণের সময় যাত্রীদের সতর্ক থাকা খুবই জরুরি। না হলে সামান্য অসতর্কতার কারণে অঙ্গহানি বা আরও বড় ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারে।