নাতনির বিয়েতে তার ওজন সমান কয়েন উপহার দিলেন নানা

নাতনির বিয়েতে তার ওজনসম কয়েন উপহার দেওয়ার শখ ছিল নানার। তবে বিয়ের সময় সেই পরিমাণ কয়েন জোগাড় করা সম্ভব হয়নি। অবশেষে প্রায় দেড় বছর পর সেই শখ পূরণ করলেন বগুড়ার আব্দুল কাদের প্রামাণিক। একটি দাঁড়িপাল্লার এক পাশে বসানো হয় নাতনি নাইমাকে, আর অন্য পাশে তুলে দেওয়া হয় তার ওজনসম কয়েন। এসব কয়েনের বেশিরভাগই পাঁচ টাকার।

শুক্রবার রাতে বগুড়া শহরের ঠনঠনিয়া এলাকার বাসিন্দা আব্দুল কাদেরের বাড়িতে অনুষ্ঠানের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

নানা আব্দুল কাদের জানান, বড় মেয়েকে বিয়ে দেওয়ার পর তার ঘরে জন্ম নেওয়া প্রথম সন্তানের জন্য এমন একটি ব্যতিক্রমী উপহার দেওয়ার ইচ্ছা ছিল তার এবং তার স্ত্রীর। সেই ইচ্ছা পূরণে তারা মাটির ব্যাংকে ধীরে ধীরে কয়েন জমাতে শুরু করেন। স্ত্রীর মৃত্যুর পর অবশেষে সেই ইচ্ছা পূরণ হলো। নানার কাছ থেকে এমন ব্যতিক্রমী উপহার পেয়ে আবেগাপ্লুত নাতনি নাইমা।

শুক্রবার আব্দুল কাদেরের বাড়িতে এ উপলক্ষে ছিল উৎসবমুখর পরিবেশ। আত্মীয়-স্বজন ও প্রতিবেশীরা ভিড় করেন দাঁড়িপাল্লায় মেপে কয়েন উপহার দেওয়ার দৃশ্য দেখতে।

আব্দুল কাদের বলেন, আদরের মেয়েকে বিয়ে দেওয়ার পর তার সন্তানের প্রতি ভালোবাসা থেকেই এমন একটি ইচ্ছা করেছিলেন তিনি ও তার স্ত্রী। তিলে তিলে জমানো সেই কয়েন নাতনিকে উপহার দিতে পেরে তিনি খুবই আনন্দিত।

নাতনি নাইমা বলেন, আমার নানির সখ ছিল উপহার দেওয়ার। নানি বেঁচে থাকলে আরও ভালো লাগত। নানির ইচ্ছে নানা পূরণ করেছেন নানা।

স্থানীয়রা বলছেন, আব্দুল কাদের ও তার স্ত্রীর সখ ছিল নাতনির ওজনের পরিমাণ কয়েন টাকা উপহার দেওয়ার। যা তিনি দিতে পেরেছেন নাতনির বিয়ের দেড় বছর পর। শক্ত সত্যিই অন্য রকমের। আমরা প্রথমে বিশ্বাস করতে পারিনি পরে দেখে অনেক ভালো লেগেছে। একজন নানার কাছে নাতনি কত আদরের হতে পারে এটি তার অন্যতম উদাহরণ।