৬০ বছরের বেশি সময়ের দীর্ঘ পেশাদার দীর্ঘ সংগীতজীবনে ১০ হাজারের বেশি গান উপহার দিয়েছেন দেশবরেণ্য সংগীতশিল্পী রুনা লায়লা। গান গেয়ে তিনি জায়গা করে নিয়েছেন গিনেস বুকে। ৭৩ বছর বয়সেও আগের মতোই গান গেয়ে যাচ্ছেন এই তারকা। এবারের ঈদে ইউটিউবে প্রকাশ পেয়েছে তার ‘জ্বালা জ্বালা’ গানটি। যেটি ব্যবহার করা হয়েছে সদ্য মুক্তি পাওয়া শাকিব খান অভিনীত ‘প্রিন্স : ওয়ান্স আপন এ টাইম ইন ঢাকা’ সিনেমায়। প্রীতম হাসানের সঙ্গে দ্বৈত কণ্ঠে গাওয়া গানটির সুরও করেছেন রুনা লায়লা। ২০ মার্চ প্রীতম হাসানের ইউটিউব চ্যানেলে প্রকাশিত এই গানটি এরই মধ্যে লাখ লাখ ভিউয়ার্স উপভোগ করেছেন।
সময়ের সঙ্গে তাল মিলিয়ে এই গানে রুনা লায়লার কণ্ঠের অনবদ্য গায়কী শ্রোতা দর্শককে মুগ্ধ করছে প্রতিনিয়ত। নিজেকে নতুন করে দর্শকের সামনে উপস্থাপন শুরু করেছেন শাকিব খান বেশ কয়েক বছর ধরেই। তার সিনেমার গান মানেই হিট। বিশেষ করে ‘ও প্রিয়তমা’,‘ দুষ্টু কোকিল’,‘ চাঁদ মামা চাঁদ মামা’, লিচুরও বাগানে’ সাম্প্রতিক সময়ের সুপারহিট গান। সেই ধারাবাহিকতায় যুক্ত হলো ‘প্রিন্স’ সিনেমায় রুনা লায়লা ও প্রীতম হাসানের কণ্ঠে জ্বালা জ্বালা গানটিও। গানটির দৃশ্যায়নে আছেন শাকিব খান ও তাসনিয়া ফারিণ। গানটি প্রকাশের পর থেকে এখন পর্যন্ত রুনা লায়লা এই গানের জন্য বাংলাদেশ, ভারত, পাকিস্তান থেকে অভূতপূর্ব সাড়া পাচ্ছেন। বাংলাদেশের এই প্রজন্মের শিল্পীরাও তাকে নানানভাবে এই গানের জন্য অনুপ্রেরণা দিচ্ছেন। সবার একটাই কথা, এই সময়ে এসেও তিনি জ্বালা জ্বালা গানটি দিয়ে নিজের অনবদ্যতার প্রমাণ দিলেন।
এ বিষয়ে রুনা লায়লা বলেন, ‘প্রীতমের কম্পোজিশনে প্রীতমের সঙ্গে এবারই প্রথম কোনো গান করা হলো। সত্যি বলতে সময়ের সঙ্গে নিজেকে খাপ খাইয়ে নিয়ে এই জ্বালা জ্বালা গানটি শ্রোতা-দর্শককে উপহার দেওয়া। এই গানের জন্য গানটি প্রকাশের প্রথম দিন থেকেই নানান মাধ্যমে অভূতপূর্ব সাড়া পাচ্ছি। যারাই গানটি একবার শুনেছেন তাদেরই ভালো লেগেছে। এই প্রজন্মের শিল্পীরাও আমাকে প্লে-ব্যাকে পেয়ে দারুণ উচ্ছ্বসিত। প্রীতমের কথা বিশেষভাবে বলতেই হয় যে প্রীতম ভীষণ মেধাবী একজন সঙ্গীতশিল্পী, কম্পোজার। এত বিনয়ী, এত লক্ষ্মী একটা ছেলে মনে হলো যে ও আমারই ছেলে। প্রীতমের জন্য অনেক অনেক দোয়া। আগামীতেও আমি, গানে গানে এই প্রজন্মের সঙ্গে থেকে কাজ করে যেতে চাই। যদি গানের কথা ও সুর ভালো লাগে নিশ্চয়ই আবারও সিনেমায় গান গাইব।’
বাংলাদেশের সিনেমার গানে রুনা লায়লা এক উজ্জ্বল নক্ষত্র। দীর্ঘদিন সিনেমাতে রুনা লায়লার গান অনুপস্থিত। ‘প্রিন্স’ সিনেমায় ‘জ্বালা জ্বালা’ গান দিয়ে তিনি প্রমাণ করলেন রুনা লায়লা একজনই।