ভুল শুধরাতে না পারলেই ভরাডুবি

ভিয়েতনামের কাছে হারের ক্ষত সঙ্গী করে সিঙ্গাপুরে গিয়েছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। সেখানে মঙ্গলবার স্বাগতিকদের সঙ্গে এশিয়ান কাপ বাছাইয়ে তাদের শেষ ম্যাচ। প্রীতি ম্যাচে ভিয়েতনামের কাছে ৩-০ গোলে হারে ম্যাচে প্রকাশ্যে এসেছে অনেক অনেক ভুল। সেই ভুলগুলো শুধরে সিঙ্গাপুরের বিপক্ষে জয়ের আশা করছেন দলের কোচ-খেলোয়াড়রা। তারা এটাও জানেন ভুল শুধরাতে না পারলেই আরেকটি বড় হারের লজ্জা পেতে হবে।

বাছাইয়ে সি গ্রুপ সেরা হয়ে এর মধ্যেই ২০২৭ এশিয়ান কাপ নিশ্চিত করেছে সিঙ্গাপুর। পাঁচ ম্যাচ থেকে তাদের সংগ্রহ ১১ পয়েন্ট। গ্রুপের তিনে থাকা বাংলাদেশের সংগ্রহে আছে পাঁচ পয়েন্ট। শেষ ম্যাচে সিঙ্গাপুরকে হারালে এবং তলানিতে থাকা ভারত হংকংকে হারিয়ে দিলে বাংলাদেশের সুযোগ থাকবে দুইয়ে শেষ করার। সেক্ষেত্রে অবশ্য মিলতে হবে গোলের হিসাবও। তবে সে হিসাব কষার আগে বাংলাদেশ কোচ হাভিয়ের কাবরেরাকে কষতে হচ্ছে সিঙ্গাপুরকে হারানোর ছক। ভিয়েতনামের কাছে বড় ধাক্কা খাওয়ার পর সিঙ্গাপুরকে তাদের মাঠেই হারানোটা বড্ড কঠিন। বাংলাদেশকে তাই সবার আগে ভিয়েতনাম ম্যাচের ভুল থেকে শিক্ষা নিতে হচ্ছে। কাবরেরা বলেন, ‘আমাদের মূল লক্ষ্য হচ্ছে ভিয়েতনাম ম্যাচের ভুলগুলো শুধরে নেওয়া। ভিয়েতনামের বিপক্ষে ফলাফল আমাদের পক্ষে না এলেও, খেলোয়াড়দের পারফরম্যান্সে অনেক ইতিবাচক দিক ছিল। বিশেষ করে দ্বিতীয়ার্ধে আমরা যেভাবে খেলেছি, সেটা আমাদের আত্মবিশ্বাস বাড়িয়েছে।’

কোচের সুরে সুর মিলিয়েছেন শেখ মোরসালিনও। ভিয়েতনামের বিপক্ষে সেরা একাদশে ছিলেন না গত নভেম্বরে ভারতকে হারানোর কারিগর। বদলি হিসেবে নেমে অবশ্য গোল পাননি। তবে দ্বিতীয়ার্ধে দলের প্রাধান্য বিস্তার করে খেলার চেষ্টাকেই বড় করে দেখছেন তিনি, ‘এ রকম ম্যাচে চাপ তো থাকবেই। আমাদের চেষ্টা থাকবে চাপ না নিয়ে খেলার। আমাদের যেহেতু অ্যাওয়ে ম্যাচগুলোর রেকর্ড ভালো, আমরা যদি এই ম্যাচটা কোনোভাবে জিততে পারি, তাহলে আমাদের গ্রুপে দ্বিতীয় হওয়ার সুযোগ থাকবে। ম্যাচটা আমাদের যে কোনোভাবেই জিততে হবে এবং সবাই মানসিকভাবে প্রস্তুত জয় নিয়ে দেশে ফিরতে। ভিয়েতনামে আমাদের অনেক প্রত্যাশা ছিল। বিশেষ করে আমরা দ্বিতীয়ার্ধটা অনেক ভালো খেলেছি এবং ডমিনেট করার চেষ্টা করেছি। ওখানে যে ভুলগুলো হয়েছে, কোচ তা আমাদের দেখিয়েছেন। এর থেকে শিক্ষা নিয়ে আমরা এই ম্যাচে ভালো খেলতে চাই।’

কাবরেরা ও মোরসালিন সিঙ্গাপুরে প্রবাসী বাংলাদেশিদের একটা ভালো ম্যাচ উপহার দেওয়ার প্রত্যাশা ব্যক্ত করেছেন। ভালো খেললেই থাকবে জয়ের আশা। নইলে ভুলের পুনরাবৃত্তিতে হবে ভরাডুবি।