র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-এর ১২তম মহাপরিচালক (ডিজি) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন অতিরিক্ত আইজিপি মো. আহসান হাবীব পলাশ। গতকাল শনিবার তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন। তিনি অবসরপ্রাপ্ত অতিরিক্ত আইজিপি একেএম শহিদুর রহমানের স্থলাভিষিক্ত হয়েছেন। র্যাব সূত্র জানায়, আহসান হাবীব পলাশ ১৯৯৫ সালে বিসিএস ১৫তম ব্যাচে সহকারী পুলিশ সুপার হিসেবে বাংলাদেশ পুলিশে যোগ দেন। পরে রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে এক বছর মেয়াদি মৌলিক প্রশিক্ষণ সম্পন্ন করেন।
দীর্ঘ কর্মজীবনে তিনি বাংলাদেশ পুলিশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ইউনিটে দায়িত্ব পালন করেছেন। এর মধ্যে ৪ এপিবিএন, ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি), চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি), সিলেট মহানগর পুলিশ (এসএমপি) উল্লেখযোগ্য। এ ছাড়া রাঙ্গামাটি, শরীয়তপুর ও নারায়ণগঞ্জ জেলায় দায়িত্ব পালন করেন। তিনি পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) সদর দপ্তরে প্রশাসনিক ও তদন্ত শাখায়ও দায়িত্ব পালন করেন। পদোন্নতি পেয়ে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি হিসেবেও দায়িত্বে ছিলেন। আন্তর্জাতিক পরিম-লে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের অধীনে কসোভো, লাইবেরিয়া, সুদান ও দক্ষিণ সুদানেও দায়িত্ব পালন করেন তিনি। পেশাগত দক্ষতা ও অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি ‘বাংলাদেশ পুলিশ মেডেল (বিপিএম-সেবা)’ পদকে ভূষিত হয়েছেন।