ফুটবল বিশ্ব যখন ২০২৬ বিশ্বকাপের রোমাঞ্চে বিভোর, তখন মাঠের বাইরের এক মন্তব্য তোলপাড় ফেলে দিয়েছে। ইংল্যান্ড ও চেলসির সাবেক তারকা জো কোল সাফ জানিয়ে দিলেন, লিওনেল মেসিই ইতিহাসের সেরা। তার মতে, ক্রিশ্চিয়ানো রোনালদো যত কিছুই জিতুক না কেন, দিনশেষে মেসির অতিমানবীয় দক্ষতার কাছে তিনি হার মেনেছেন।
টিএনটি স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাৎকারে জো কোল বলেন, “আমার মনে হয় প্রতিটি ফুটবলারেরই কিছু না কিছু আক্ষেপ থাকে। ক্রিশ্চিয়ানো রোনালদো সম্ভবত রাতে ঘুমানোর আগে বালিশে মাথা রেখে ভাবেন— ‘ইশ! আমি যদি মেসির মতো দক্ষ হতাম!’”
কোলের মতে, এই বিতর্কে মেসির একমাত্র প্রতিদ্বন্দ্বী হতে পারেন কেবল পেলে। তিনি আরও যোগ করেন, “মেসিই একমাত্র খেলোয়াড় যে ফুটবলে সম্ভাব্য সবকিছু জিতেছে। এখন সে শান্তিতে ঘুমাতে পারে। আমি তাঁর মতো খেলোয়াড় আর দেখিনি; বল পায়ে তার জাদু, ব্যক্তিত্ব—সবই অতুলনীয়।”
ফুটবল ইতিহাসের কিংবদন্তি ম্যারাডোনা বা ব্রাজিলের রোনালদো নাজারিওকেও মেসির সমকক্ষ মনে করছেন না কোল। তাঁর ভাষায়, “আমার মনে হয় না ক্রিশ্চিয়ানো, রোনালদো নাজারিও বা ম্যারাডোনা তাঁর পর্যায়ে আছেন। মেসি সবাইকে ছাড়িয়ে এখন পেলের পাশে অবস্থান করছেন।”
মাঠের বাইরের এই বিতর্কের মাঝেই সুখবর দিয়েছেন ৪১ বছর বয়সী ক্রিশ্চিয়ানো রোনালদো। হ্যামস্ট্রিং ইনজুরির কারণে প্রায় এক মাস মাঠের বাইরে থাকার পর আল-নাসরের অনুশীলনে ফিরেছেন তিনি। ইনজুরির কারণে মেক্সিকোর বিপক্ষে পর্তুগালের প্রীতি ম্যাচেও খেলতে পারেননি এই ফরোয়ার্ড।
বর্তমানে ফুটবল বিশ্বের নজর এই দুই মহাতারকার ১০০০ অফিসিয়াল গোলের মাইলফলকের দিকে। এখন পর্যন্ত রোনালদোর গোলসংখ্যা ৯৬৫ (১৩০৬ ম্যাচে), আর মেসির গোল ৯০১ (১১৪৩ ম্যাচে)।
জো কোল নিজে ২০১৮ সালে ফুটবলকে বিদায় জানিয়েছেন। চেলসির হয়ে ২৮২ ম্যাচ খেলে তিনটি প্রিমিয়ার লিগসহ আটটি ঘরোয়া শিরোপা জেতা এই মিডফিল্ডার বর্তমান প্রজন্মের কারিগরি দিক থেকে সেরা খেলোয়াড়দের একজন হিসেবে বিবেচিত হন। তবে তাঁর চোখে সেরার মুকুটটি শুধুই মেসির।