আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মানবতাবিরোধী অপরাধের মামলায় আসামি হচ্ছেন ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক শেখ মামুন খালেদ ও সাবেক সংসদ সদস্য লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরী (অব.)।
রবিবার (২৯ মার্চ) প্রসিকিউশনের পক্ষ থেকে এই দুই কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তার দেখানোর আবেদন করা হয়।
প্রসিকিউশন জানায়, আবেদনের পরিপ্রেক্ষিতে তাদেরকে ৭ এপ্রিল ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। তাদের উপস্থিতিতে সেদিন গ্রেপ্তার দেখানো হবে সাবেক এই দুই সেনা কর্মকর্তাকে।
ট্রাইব্যুনাল-২ এ প্রসিকিউশন পক্ষ মামুন খালেদের বিরুদ্ধে গুমের অভিযোগ এবং মাসুদ উদ্দিন চৌধুরীর বিরুদ্ধে জুলাই অভ্যুত্থানে হত্যার অভিযোগ এনে এই আবেদন করে।
এর আগে জুলাই আন্দোলনে মিরপুর মডেল থানার দেলোয়ার হত্যা মামলায় মামুন খালেদকে পাঁচ দিনের রিমান্ড দেন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত। এছাড়া মানবপাচারের অভিযোগে বিগত ওয়ান ইলেভেন সরকারের আমলে অন্যতম আলোচিত সাবেক সেনা কর্মকর্তা ও সাবেক সংসদ সদস্য মাসুদ উদ্দিন চৌধুরীকেও পাঁচ দিনের রিমান্ডে পাঠানো হয়।