নওগাঁর বদলগাছীতে পটলের ক্ষেত থেকে ৩২৫ রাউন্ড থ্রি নট থ্রি রাইফেলের গুলি উদ্ধার করেছে পুলিশ। রবিবার (২৯ মার্চ) সকাল ৯টার দিকে উপজেলার দেউলিয়া উত্তরপাড়া গ্রামের ফসলি মাঠ থেকে গুলিগুলো উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানায়, সকালে আনছার চৌধুরী নামের এক কৃষক তার জমিতে পটল গাছের খুঁটি বসাতে যায়। এসময় মাটিতে গর্ত করার সময় মাটির প্রায় এক ফুট নিচে শক্ত কিছু অনুভব করেন। পরে কোদাল দিয়ে মাটি খুঁড়লে একটি ভাঙা কাঠের বাক্সের ভেতরে পুরোনো বুলেট দেখতে পান। সঙ্গে সঙ্গে তিনি সাবেক ইউপি সদস্য খোরশেদ আলমকে জানান। পরে খোরশেদ আলম বিষয়টি থানা পুলিশকে অবহিত করেন।
খবর পেয়ে বদলগাছী থানার উপপরিদর্শক (এসআই) মোতাহার হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে ৩২৫ রাউন্ড থ্রি নট থ্রি রাইফেলের গুলি উদ্ধার করেন।
এ বিষয়ে বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি,তদন্ত) নজরুল ইসলাম বলেন, ঘটনাস্থল থেকে ৩২৫ রাউন্ড থ্রি নট থ্রি রাইফেলের গুলি উদ্ধার করা হয়েছে। গুলির ধরণ ও জরাজীর্ণ অবস্থা দেখে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এগুলো বেশ পুরানো। দীর্ঘ সময় মাটির নিচে থাকায় এগুলোতে মরিচা ধরেছে। উদ্ধারকৃত গুলিগুলো বর্তমানে পুলিশি হেফাজতে রয়েছে এবং পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।