বিগত সরকার গত ৮ বছর হামের টিকা দেয়নি বলে অভিযোগ করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
তিনি বলেন, এ সংকট সমাধানে ৬০৪ কোটি টাকা বরাদ্দ দিয়ে নতুন করে হামের টিকা কেনা হচ্ছে। একই সঙ্গে হামে আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় শিশু হাসপাতাল, ঢাকা মেডিকেল, ডিএনসিসি ডেডিকেটেড হাসপাতালে আইসিইউ প্রস্তুত করা হয়েছে।
রবিবার (২৯ মার্চ) রাজধানীর পূর্বাচলে বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সবেশন সেন্টারে ১৭তম এশিয়া ফার্মা এক্সপোর উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ইতোমধ্যে বেসরকারিভাবে পাঁচটি ভেন্টিলেটরের ব্যবস্থা করা হয়েছে। যার চারটিই রাজশাহীতে পাঠানো হবে।
দুর্নীতির প্রসঙ্গে মো. সাখাওয়াত হোসেন বলেন, আমরা যদি দুর্নীতির বিরুদ্ধে রুখে না দাঁড়াই তবে কিভাবে স্বাস্থ্য মন্ত্রণালয়কে দুর্নীতি মুক্ত করবো। আমরা কেউ যদি যুদ্ধে না যাই কে দেশটা স্বাধীন করবে। তেমনি আমরা যদি দুর্নীতির বিরুদ্ধে রুখে না দাঁড়াই তবে, আগামী প্রজন্মকে আমরা কার কাছে রেখে যাবো। তাই স্বাস্থ্য মন্ত্রণালয়কে দুর্নীতিমুক্ত করবো ইনশাআল্লাহ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও এমপি ডা. এম এ মুহিত, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব মো. কামরুজ্জামান চৌধুরী, রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) ভাইস চেয়ারম্যান মোহাম্মদ হাসান আরিফ, ঔষধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মো. শামিম হায়দারসহ অনেকেই।