গাজীপুরের কালিয়াকৈরে কৃত্রিম সংকটের লক্ষ্যে অবৈধভাবে মজুদ রাখা প্রায় তিন হাজার লিটার ডিজেল জব্দ করা হয়েছে। পরে কৃত্রিম সংকট চেষ্টায় দোকানদারকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
শনিবার রাতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের উপজেলার সাহেববাজার বাইপাস এলাকায় এ ঘটনা ঘটে। দণ্ডপ্রাপ্ত ব্যবসায়ী হলেন কালিয়াকৈরের শ্রীফলতলী এলাকার মৃত সালামত উল্লাহর ছেলে আবুল হোসেন।
এলাকাবাসী, পুলিশ ও ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, কালিয়াকৈরের সাহেববাজার বাইপাস এলাকায় আবুল হোসেনের দোকানে কৃত্রিম সংকটের লক্ষ্যে ১৮ ড্রাম ডিজেল অবৈধভাবে মজুদ করে রাখেন। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশের বাবর আলী মার্কেটের দোকানে অভিযান চালিয়ে অবৈধভাবে মজুদ রাখা তেলসহ একজনকে আটক করে পুলিশ। এ অভিযানের টের পেয়ে আরও কয়েকজন ঘটনাস্থল থেকে পালিয়ে যান। পরে দোকান থেকে প্রায় ২ হাজার ৮৭০ লিটার ডিজেল উদ্ধার করা হয়।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার নাসির উদ্দিন জানান, জব্দকৃত ডিজেলের পরিমাণ আনুমানিক প্রায় তিন হাজার লিটার। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালানা করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট ও কালিয়াকৈর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফাহিম শাহরিয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, কৃত্রিম সংকটের লক্ষ্যে অবৈধভাবে জ্বালানি তেল মজুদ রাখার দায়ে দোকান মালিককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। তবে তবে অবৈধ জ্বালানি তেল ব্যবসার বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।