দেশ রূপান্তরে সংবাদ প্রকাশ

এলজিইডির প্রধান প্রকৌশলী রশীদ মিয়ার নিয়োগ বাতিল

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) প্রধান প্রকৌশলী মো. আব্দুর রশীদ মিয়ার নিয়োগ বাতিল করেছে সরকার। আজ রবিবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এক প্রজ্ঞাপনে তার নিয়োগ বাতিল করা হয়।

এর আগে গত ২৭ মার্চ আব্দুর রশিদ মিয়ার অনিয়ম-দুর্নীতি নিয়ে একটি সংবাদ প্রকাশ করে। যেখানে দেশ রূপান্তরে তার নানা দুর্নীতির ফিরিস্তি তুলে ধরে তার পুনরায় নিয়োগ নিয়ে প্রশ্ন তোলা হয়।

সংবাদ প্রকাশের দুই দিন পর জনপ্রশাসন মন্ত্রণালয় এক প্রজ্ঞাপনে তার নিয়োগ বাতিল করেছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২৪ মার্চ তারিখের প্রজ্ঞাপনমূলে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) প্রধান প্রকৌশলী পদে মো. আব্দুর রশীদ মিয়ার নিয়োগের আদেশটি এতদ্বারা বাতিল করা হলো। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

তাকে পুনরায় নিয়োগ দেওয়ার পর দেশ রূপান্তরে প্রকাশিত ‘কী মধু রশীদ মিয়াতে’ শীর্ষক প্রতিবেদনে বলা হয়, এ দফায় নিয়োগ দেওয়ার আগে অন্তর্বর্তী সরকারের সময় চলতি দায়িত্বে এলজিইডির প্রধান প্রকৌশলীর দায়িত্ব পালন করেন আব্দুর রশীদ মিয়া। অনিয়ম-দুর্নীতিসহ নানা অভিযোগ মাথায় নিয়ে অবসরেও যান।

বিএনপি সরকার অবসর থেকে নিয়ে এসে রশীদ মিয়াকে আবার প্রধান প্রকৌশলী করায় প্রতিষ্ঠানটির প্রকৌশলীরাও অবাক হয়েছেন। কেননা অনিয়ম-দুর্নীতির অনেক অভিযোগে তার বিরুদ্ধে দুদকে তদন্ত চলমান রয়েছে। এমনকি প্রধান প্রকৌশলী হওয়ার আগে তিনি আওয়ামী লীগ সরকারের আমলে দুদকের তদন্তকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছেন। দুদকের অনুসন্ধানের মধ্যে পেয়েছেন পদোন্নতিও। 

একাধারে আওয়ামী লীগ, অন্তর্বর্তী এবং বর্তমান বিএনপি সরকারের সময়ও দেশের অবকাঠামো নির্মাণ ও মেরামতের মতো শীর্ষ প্রতিষ্ঠানের দায়িত্ব পান তিনি।