ফ্রান্সের হয়ে বিশ্বকাপজয়ী তারকা পল পগবা এবার এক অদ্ভুত কাণ্ড করে সবাইকে চমকে দিয়েছেন। ২০১৮ সালে রাশিয়া বিশ্বকাপে যে মানুষটি আর্জেন্টিনাকে টুর্নামেন্ট থেকে ছিটকে দিয়েছিলেন, সেই পগবাকেই দেখা গেল আর্জেন্টিনার জাতীয় দলের জার্সি (কিট) পরে অনুশীলন করতে। স্প্যানিশ তারকা আনসু ফাতির সঙ্গে অনুশীলনের সময় এই পোশাকে ধরা দেন তিনি।
বার্সেলোনার মাঠে 'আলবিসেলেস্তে' পগবা
বর্তমানে পেশির চোট কাটিয়ে ওঠার প্রক্রিয়ায় থাকা পগবাকে বার্সেলোনার অনুশীলন সুবিধায় দেখা যায়। সেখানে মোনাকো সতীর্থ আনসু ফাতির সঙ্গে ব্যক্তিগত সেশনে অংশ নেন তিনি। তবে সবার নজর কাড়ে তার গায়ে থাকা আর্জেন্টিনার ট্রেনিং গিয়ার। সামাজিক যোগাযোগমাধ্যমে এই ছবি ছড়িয়ে পড়তেই শুরু হয় আলোচনা— পগবা কি তবে লিওনেল স্কালোনির শিষ্যদের একজন হয়ে গেলেন?
আর্জেন্টিনার প্রতি পুরনো প্রেম
আর্জেন্টাইন ফুটবলের প্রতি পগবার দুর্বলতা অবশ্য নতুন নয়। এর আগেও ফিফার নিষেধাজ্ঞার কারণে মাঠের বাইরে থাকাকালীন রিভার প্লেটের জার্সি পরে বন্ধুদের সাথে ফুটবল খেলতে দেখা গিয়েছিল তাকে।
এমনকি ২০২৫ সালের ক্লাব ওয়ার্ল্ড কাপ চলাকালীন বোকা জুনিয়র্সের ট্রেনিং ক্যাম্পে গিয়ে ক্লাব সভাপতি হুয়ান রোমান রিকেলমে এবং সাবেক সতীর্থ মার্কোস রোহো ও এডিনসন কাভানির সাথে দেখা করেছিলেন তিনি। বোকা জুনিয়র্সের গ্যালারির উন্মাদনা নিয়ে মুগ্ধতা প্রকাশ করে পগবা বলেছিলেন:"আমি মার্সেই বা নাপোলির মতো উত্তাল গ্যালারি দেখেছি, কিন্তু বোকার দর্শকদের মতো পাগল করা উন্মাদনা জীবনে কোথাও দেখিনি।"
ক্যারিয়ারের কঠিন সময়
২০১৬ সালে বিশ্বের সবচেয়ে দামি ফুটবলার হিসেবে ১০৫ মিলিয়ন ইউরোতে দলবদল করা পগবার ক্যারিয়ার এখন ইনজুরি আর নিষেধাজ্ঞার কবলে। ডোপ টেস্টে পজিটিভ হওয়ায় প্রথমে চার বছরের নিষেধাজ্ঞা পেলেও ২০২৪ সালের অক্টোবরে 'কোর্ট অফ আরবিট্রেশন ফর স্পোর্ট' তা কমিয়ে ১৮ মাস করে।
২০২৩ সালে ফরাসি ক্লাব মোনাকোতে যোগ দিয়ে ক্যারিয়ার নতুন করে শুরু করতে চেয়েছিলেন তিনি। কিন্তু ৩৩ বছর বয়সী এই মিডফিল্ডার ইনজুরির কারণে গত নভেম্বর থেকে এ পর্যন্ত মাত্র ৩০ মিনিট মাঠে নামতে পেরেছেন। মোনাকোর সিইও থিয়াগো স্কুরো জানিয়েছেন, পগবাকে নিয়ে তাদের পরিকল্পনা আশানুরূপ কাজ করছে না এবং ইনজুরির কারণে পগবা নিজেও বেশ হতাশ।
আর্জেন্টিনার যম থেকে ভক্ত
২০১৮ বিশ্বকাপের শেষ ষোলোতে আর্জেন্টিনার বিপক্ষে ফ্রান্সের জয়ে বড় ভূমিকা ছিল পগবার। এমনকি ফাইনালে ক্রোয়েশিয়ার বিপক্ষেও গোল করেছিলেন তিনি। ফ্রান্সের হয়ে ৯১ ম্যাচে ১১ গোল করা এই তারকা ইনজুরির কারণেই ২০২২ কাতার বিশ্বকাপে খেলতে পারেননি, যেখানে ফ্রান্সকে হারিয়েই শিরোপা জিতেছিল আর্জেন্টিনা। সেই পগবার গায়েই এখন আর্জেন্টিনার জার্সি, যা ফুটবল ভক্তদের জন্য এক দারুণ বিস্ময়।