পাবনায় জাল সনদ তৈরির দায়ে দুই প্রতিষ্ঠানকে জরিমানা 

পাবনার বেড়া উপজেলায় জাল সনদ তৈরির দায়ে ‘রাকিব কম্পিউটার’ ও ‘আকাশ কম্পিউটার’ নামের দুটি প্রতিষ্ঠানকে মোট ১৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। রবিবার (২৯মার্চ) বিকালে উপজেলার মঞ্জুর কাদের মহিলা ডিগ্রি কলেজ গেটে এ অভিযান করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নূরেন মায়িশা খান।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, যেকোনো শিক্ষাবর্ষ ও শিক্ষাবোর্ডের এসএসসি, এইচএসসি, কারিগরি বিশ্ববিদ্যালয়ের অনার্স-মাস্টার্সসহ বিভিন্ন পরীক্ষার জাল সার্টিফিকেট তৈরি ও বিক্রি করা হচ্ছে এমন অভিযোগ পেয়ে তথ্য নিশ্চিত হতে উপজেলা প্রশাসনের দুইজন স্টাফকে সার্টিফিকেট তৈরি করে নিয়ে আসার জন্যে পাঠান ভ্রাম্যমাণ আদালত। এসময় রাকিব কম্পিউটার জানায়, তারা ক্লাস এইট পর্যন্ত সার্টিফিকেট বানাতে পারে, কিন্তু এসএসসিরটা পাশের দোকান থেকে করা যাবে। এ তথ্যের ভিত্তিতে গিয়ে দুইটি দোকানেই নকল সার্টিফিকেট তৈরির সফটওয়্যার, ওয়ার্ড ফাইল ও বিভিন্ন প্রমাণক পাওয়া যায়।

দুটি জন্মসনদ ও দুটি সার্টিফিকেট অনলাইন ভেরিফিকেশন করে নকল পাওয়ার পর সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে অভিযুক্তদের স্বীকারোক্তির নেয়া হয়। স্বীকারোক্তির ভিত্তিতে অভিযুক্ত আকাশকে ১০ হাজার টাকা এবং রাকিবকে ৫ হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নূরেন মায়িশা খান জানান, রাকিব কম্পিউটার ও আকাশ কম্পিউটারের মালিককে মোট ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। আকাশের বাবা একজন কৃষক, পরিবারে ৮ জন নির্ভরশীল এবং রাকিবের বাবা অসুস্থ অটোচালক ও অসহায় । তাই  এ ধরণের কাজ আর করবে না মর্মে মুচলেকা দেয়ায় তাদেরকে জেল দেয়া হয়নি। জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।