কে এই বাঘের গালিবাফ

ইরানের পার্লামেন্টের স্পিকার মো. বাঘের গালিবাফ এক বার্তায় বলেছেন, ইরানি বাহিনী “মার্কিন সেনাদের স্থলপথে আসার অপেক্ষায় আছে যাতে তাদের ওপর আগুনের বৃষ্টি নামিয়ে দেওয়া যায়।”

গালিবাফ একজন রক্ষণশীল ইরানি রাজনীতিবিদ, যার সামরিক বাহিনীতে থাকার ইতিহাস রয়েছে। তিনি ২০২০ সালের মে মাস থেকে ইরানের পার্লামেন্ট স্পিকার হিসেবে দায়িত্ব পালন করছেন।

১৯৬১ সালে জন্ম নেওয়া ইরানি এই নেতা ১৯৮০ সালে ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীতে (আইআরজিসি)যোগ দেন।

ইরান-ইরাক যুদ্ধের সময় তিনি এই বাহিনীর অন্যতম কমান্ডার হয়ে ওঠেন। গালিবাফ চারবার প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে ব্যর্থ হয়েছেন।

২০০৫ সালের নির্বাচনে চতুর্থ, ২০১৩ সালে দ্বিতীয়, ২০১৭ সালে নির্বাচনের আগে প্রার্থিতা প্রত্যাহার করেন এবং ২০২৪ সালের আগাম নির্বাচনে তৃতীয় হন মি. গালিবাফ।

তিনি একজন পেশাদার পাইলট। ১৯৯৭ সাল থেকে ২০০০ সাল পর্যন্ত তিনি আইআরজিসির বিমান বাহিনীর কমান্ডার এবং ২০০০ সাল থেকে ২০০৫ সাল পর্যন্ত ইরানের পুলিশ বাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন।

তেহরানের মেয়র থাকাকালীন দুর্নীতির কেলেঙ্কারি ধামাচাপা দিতে মি. গালিবাফ আইআরজিসির পদমর্যাদা ব্যবহার করেছেন বলে অভিযোগ রয়েছে।

কিছু অসমর্থিত সূত্রে জানা গেছে, ট্রাম্প প্রশাসন মি. গালিবাফকে ইরানের একজন সম্ভাব্য অংশীদার এবং এমনকি ভবিষ্যতের নেতা হিসেবে বিবেচনা করেছিল।