খুলনায় একটি প্রাইভেটকারের সঙ্গে ট্রেনের ধাক্কায় ৪ জন আহত হয়েছে। আজ রবিবার বিকেল সাড়ে ৪টার দিকে নগরীর আফিলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে দুইজনকে নগরীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ সময় প্রাইভেটকারটি দুমড়ে-মুচড়ে যায়। তবে স্থানীয়দের ভাষ্য রেল ক্রসিংটি অরক্ষিত ছিল।
খানজাহান আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাওলাদার সানোয়ার হোসেন মাসুম জানান, স্থানীয় মশিয়ালী গ্রামের একটি মাঠে ক্রিকেট অনুশীলন শেষে প্রাইভেটকারে পার্শ্ববর্তী শিরোমনি গ্রামের নিজ বাড়িতে ফিরছিলেন চার যুবক। পথিমধ্যে আফিলগেটের কাছে একটি অরক্ষিত রেলক্রসিং পার হওয়ার সময় ঢাকা থেকে খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেসের সঙ্গে তাদের প্রাইভেটকারের ধাক্কা লাগে। এতে প্রাইভেটকারটি উল্টে গিয়ে দুমড়ে-মুচড়ে যায়। এ সময় প্রাইভেটকারে থাকা চারজন আহত হয়।
আহতের মধ্যে তিনজনের পরিচয় জানা গেছে। তারা হলেন অমিত (২০), সামি (২১) ও মিম (২২)। তারা সবাই শিরোমনি গ্রামের বাসিন্দা। অমিত ও সামিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ছাড়া মিমসহ অপর দুজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
খুলনা রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফেরদৌস ইসলাম খান জানান, দুর্ঘটনার পর রেল চলাচল স্বাভাবিক রয়েছে। ঘটনাস্থলে কাজ করছে পুলিশ।