ইউপি সদস্যের বিরুদ্ধে প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগ

জামালপুরের মাদারগঞ্জে মাসুদুর রহমান মাসুদ নামে এক ইউপি সদস্যের বিরুদ্ধে ১২ বছরের এক শারীরিক প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে।

রবিবার (২৯ মার্চ) দুপুরের দিকে অতিরিক্ত পুলিশ সুপার (মাদারগঞ্জ সার্কেল) মোস্তাফিজুর রহমান ভূঞা অভিযোগের বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে গতকাল শনিবার (২৮ মার্চ) রাতে থানায় ভুক্তভোগীর মা বাদী হয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযুক্ত ইউপি সদস্য উপজেলার কড়ইচড়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য ও আব্দুল গফুর মন্ডলের ছেলে। এ ঘটনার পর থেকেই তিনি আত্মগোপনে রয়েছেন।

এদিকে প্রতিবন্ধী শিশুর ওপর পাশবিক নির্যাতনের ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয় এলাকাবাসী এই ঘটনার সুষ্ঠু তদন্ত এবং অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আশরাফুল ইসলাম জানান, এ ঘটনায় একটি অভিযোগ পেয়েছি। ভুক্তভোগীর পরিবার অভিযোগ করার পরই দ্রুত পদক্ষেপ গ্রহণ করেছে পুলিশ। ভুক্তভোগীর শারীরিক অবস্থা ও তথ্য-প্রমাণ সংগ্রহের জন্য তাকে ডাক্তারি পরীক্ষার জন্য জামালপুর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। ডাক্তারি পরীক্ষার প্রতিবেদন হাতে পেলে বিষয়টি আইনগতভাবে আরও স্পষ্ট হবে।

অতিরিক্ত পুলিশ সুপার (মাদারগঞ্জ সার্কেল) মোস্তাফিজুর রহমান ভূঞা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অভিযোগ পাওয়ার পর থেকে অভিযুক্তকে গ্রেপ্তারে চেষ্টা অব্যাহত রয়েছে। অপরাধী যেই হোক না কেন, তাকে আইনের আওতায় আনা হবে।