তেল না দেওয়ায় ট্রাকচাপায় পাম্প ম্যানেজারকে হত্যা

নড়াইলে ট্রাকে তেল দিতে না পারায় এক পেট্রোল পাম্প ম্যানেজারকে ট্রাকচাপা দিয়ে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় জেলার সব পাম্প বন্ধ ঘোষণা করেছে নড়াইল পাম্প মালিক সমিতি। গতকাল রবিবার সকাল সাড়ে ১১টার দিকে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন নড়াইল পাম্প মালিক সমিতির যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম হিট্রু। তিনি বলেন, তুলরামপুরে মেসার্স তানভীর ফিলিং অ্যান্ড গ্যাস স্টেশনের ম্যানেজার নাহিদ সরদার হত্যার ঘটনায় জেলার ১০টি পাম্প এক দিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।

এদিকে পাম্প ম্যানেজারকে হত্যার ঘটনায় প্রধান অভিযুক্ত চালক সুজ্জাত আলীকে (৫০) গ্রেপ্তার করেছে র‌্যাব। গতকাল দুপুরে যশোরের অভয়নগর উপজেলার কিসমত মোহাম্মদপুর এলাকা থেকে তাকে আটক করা হয়। র‌্যাব-৬ যশোরের কোম্পানি কমান্ডার মেজর ফজলে রাব্বি প্রিন্স গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। আটক সুজ্জাত আলী নড়াইল সদর উপজেলার পেড়লী গ্রামের মৃত ছাইদুর রহমানের ছেলে। এ ছাড়া ঘাতক ট্রাকটি (যশোর-ট ১১-৬০৪০) দুপুর ১২টার দিকে বেনাপোল পৌর ট্রাক টার্মিনাল থেকে নড়াইল ও যশোর ডিবি পুলিশ এবং বেনাপোল পোর্ট থানা পুলিশের যৌথ অভিযানে আটক করা হয়েছে। বিকেলে নাভারণ হাইওয়ে পুলিশের কাছে এটি হস্তান্তর করা হয়। ট্রাকটি টার্মিনালে পার্কিং অবস্থায় পাওয়া গেছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

সিসিটিভি ফুটেজে দেখা যায়, শনিবার দিবাগত রাতে বাগ্বিত-ার পরও ওই ট্রাকচালক পাম্পেই অবস্থান করেন। রাত ২টা ১০ মিনিটে ফিলিং স্টেশনের কাজ শেষ করে বাড়ির উদ্দেশ্যে মোটরসাইকেলযোগে সহকর্মী জিহাদকে নিয়ে পাম্প থেকে বের হন নাহিদ। সঙ্গে সঙ্গে দ্রুতগতিতে তাদের পেছনে ধাওয়া করতে দেখা যায় ট্রাকটিকে।