বিয়ে বাড়ি থেকে ফেরার পথে বাস-মাইক্রো সংঘর্ষ, আহত ৫

ফরিদপুরের ভাঙ্গায় বিয়ের যাত্রীবাহী মাইক্রোবাস ও ইলিশ পরিবহনের বাসের সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরবর্তীতে উভয় গাড়ির যাত্রী ও চালকদের মধ্যে উত্তেজনা ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ ঘটনায় অন্তত ৫ জন আহত হয়েছেন।

রবিবার (২৯ মার্চ) রাত ৮টার দিকে উপজেলার চুমুরদী ইউনিয়নের বেসুমপুরদী এলাকায় এ ঘটনা ঘটে। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, যাত্রীবাহী একটি মাইক্রোবাস মাদারীপুরে বিয়ের অনুষ্ঠানে অংশ নিয়ে কয়েকজন যাত্রী ভাঙ্গা হয়ে ফেরার পথে ওই এলাকায় পৌঁছায়। এ সময় বিপরীত দিক থেকে আসা ইলিশ পরিবহনের একটি গাড়ির সঙ্গে সংঘর্ষ হয়। দুর্ঘটনার পর মাইক্রোবাসে থাকা যাত্রীদের সঙ্গে ইলিশ পরিবহনের গাড়ির চালক ও মাইক্রোবাসের যাত্রীদের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে তা হাতাহাতি ও মারামারিতে রূপ নেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে স্থানীয় লোকজন এগিয়ে এলে তারাও হামলার শিকার হন। এতে ঘটনাস্থলে উত্তেজনার সৃষ্টি হয়।

বিষয়টি নিশ্চিত করে ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন জানান, এ ঘটনায় মাইক্রোবাসে থাকা কয়েকজন যাত্রী আহত হন। পরে তাদেরকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এবং তাদের মধ্যে দুইজন ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন।