শিপার্স কাউন্সিল অফ বাংলাদেশ ও ওশান সেন্টারের যৌথ সভা

শিপার্স কাউন্সিল অফ বাংলাদেশ (এসসিবি)-এর নেতৃবৃন্দ এবং ওশান সেন্টারের প্রতিনিধিদের মধ্যে একটি উচ্চ পর্যায়ের সভা অনুষ্ঠিত হয়। সভায় বাংলাদেশের সামুদ্রিক নিরাপত্তা ও টেকসই ব্লু-ইকনোমি উন্নয়নে পারস্পরিক সহযোগিতা নিয়ে আলোচনা হয়।

সভার সভাপতিত্ব করেন শিপার্স কাউন্সিল অফ বাংলাদেশ এর চেয়ারম্যান মো. রেজাউল করিম। এছাড়া এসসিবি’র সিনিয়র ভাইস চেয়ারম্যান সৈয়দ মো. বখতিয়ার এবং ভাইস চেয়ারম্যান আতাউর রহমান খান সহ অন্যান্য পরিচালকবৃন্দ সভায় উপস্থিত ছিলেন। ওশান সেন্টার ইনিশিয়েটিভ এর পক্ষ থেকে গ্লোবাল লিড মিস প্যাট্রিসিয়া ফুর্তাদো; ইউএন গ্লোবাল কমপ্যাক্ট নেটওয়ার্ক বাংলাদেশ (এঈঘই)-এর এক্সিকিউটিভ ডিরেক্টর মিস শাহামিন এস. জামান; ওশান সেন্টার বাংলাদেশ-এর উপদেষ্টা ও ফোকাল পয়েন্ট কমোডর সৈয়দ আরিফুল ইসলাম, বিএন (অব.) এবং ওশান সেন্টার বাংলাদেশ-এর কান্ট্রি লিড ক্যাপ্টেন এম. এ. মুকিত খান (অব.) উপস্থিত ছিলেন।

স্বাগত বক্তব্যে এসসিবি’র চেয়ারম্যান বাংলাদেশের ক্রমবর্ধমান সামুদ্রিক বাণিজ্য, বন্দর উন্নয়ন, মৎস্য খাত এবং উদীয়মান অফশোর খাতের সম্ভাবনার সাথে সাথে নিরাপত্তা, স্থায়িত্ব ও দক্ষ জনশক্তি উন্নয়নের লক্ষে আরও মনোযোগ দেয়ার উপর গুরুত্বারোপ করেন।

UN Global Compact & Lloyd’s Register Foundation এর যৌথ উদ্যোগে প্রতিষ্ঠিত ওশান সেন্টারর্স বাংলাদেশসহ উদীয়মান দেশগুলোর নিরাপদ ও টেকসই সমুদ্র অর্থনীতিতে একটি বহু অংশীজন প্লাটফর্ম হিসেবে কাজ করছে। সভায় আলোচনাকালে শিপিং ও বন্দর নিরাপত্তা, বেসরকারি খাতের সম্পৃক্ততা বৃদ্ধি, নীতি সংলাপ ও জ্ঞান বিনিময়, গ্রীন শিপিং ও টেকসই লজিষ্টিক্স, গবেষণা ও তথ্য বিনিময় এবং সক্ষমতা বৃদ্ধি ও সচেতনতামূলক কার্যক্রম ইত্যাদি ক্ষেত্রগুলো তুলে ধরা হয়।

এসসিবি’র প্রতিনিধিবৃন্দ ওশান সেন্টার বাংলাদেশ এর সাথে প্রাতিষ্ঠানিক সহযোগিতা জোরদার করার আগ্রহ প্রকাশ করেন এবং বিভিন্ন ওয়ার্কশপ ও সেমিনার আয়োজনের মাধ্যমে রপ্তানিকারক, আমদানিকারক ও সামুদ্রিক বাণিজ্য, ব্যাংক ও সরকারি সংশ্লিষ্ট অংশীজনদের সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করেন।

মিস প্যাট্রিসিয়া ফর্তাদো বলেন, নিরাপদ ও টেকসই ব্লু-ইকনোমি গড়ে তুলতে সরকার, বেসরকারি খাত, একাডেমিয়া ও সিভিল সোসাইটির সমন্বিত অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বাংলাদেশের অংশীজনদের সক্রিয় ভূমিকার প্রশংসা করেন।