আনিসুল হক ও তৌফিকা করিমের দেশত্যাগে নিষেধাজ্ঞা 

আওয়ামী লীগ সরকারের সময়ের আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক, তার ঘনিষ্ঠ অ্যাডভোকেট তৌফিকা করিম এবং ব্রাহ্মণবড়িয়ার কসবার সাবেক উপজেলা চেয়ারম্যান মো. রাশেদুল কাওসার ভুঞা জীবনের দেশত্যাগে  নিষেধাজ্ঞার আদেশ দিয়েছে ঢাকার একটি আদালত। পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) আবেদনের পরিপ্রেক্ষিতে আজ সোমবার ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজ এ আদেশ দেন। সিআইডির পরিদর্শক  মো. আশরাফুল ইসলাম তিনজনের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন। 

এতে বলা হয়, আসামিরা সংঘবদ্ধভাবে ২৪ কোটি ৫৩ লাখ ৬৯ হাজার ২১ টাকা চাঁদাবাজি ও মানি লন্ডারিং করেছেন। এ ঘটনায় চলতি বছরের ১১ জানুয়ারি ভাটারা থানায় মানি লন্ডারিং প্রতিরোধ আইনে মামলা করা হয়। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে অভিযুক্তদের বিদেশ যাত্রা বন্ধ রাখা একান্ত প্রয়োজন। শুনানির পর আদালত তিনজনের দেশত্যাগে নিষেধাজ্ঞার আদেশ দেন। প্রসঙ্গত, ২০২৪ এর গণঅভ্যূত্থানে আওয়াসী লীগ সরকারের পতনের পর আনিসুল হক গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন। তার বিরুদ্ধে জুলাই অভ্যূত্থানে হত্যাকাণ্ডের অভিযোগে বেশকিছু মামলা রয়েছে।