শুভেচ্ছায় সিক্ত সোনম

বলিউডের কাপুর এবং আহুজা পরিবারে এখন উৎসবের আমেজ। গত রবিবার সোনম কাপুর এবং আনন্দ আহুজার ঘরে এসেছে দ্বিতীয় পুত্রসন্তান। সোশ্যাল মিডিয়ায় অত্যন্ত আবেগঘন এক বার্তার মাধ্যমে রবিবার গভীর রাতে সোনম নিজেই এই সুখবরটি ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়েছেন। সোনম লিখেছেন, ‘সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি, আমি আর আনন্দ ২৯ মার্চ আরও একবার পুত্রসন্তানের মা-বাবা হলাম। আমাদের পরিবার এখন আরও একটু বড় হয়ে গেল। ছোট্ট সোনার আগমনে আমরা খুশির জোয়ারে ভাসছি। বায়ু ওর ছোট ভাইকে স্বাগত জানাতে পেরে খুব খুশি। এই নতুন প্রাণ আমাদের পরিবারকে আরও প্রাণবন্ত করে তুলেছে। এবার আমরা চারজন জীবনের আরও এক নতুন গল্প লিখব।’ সোনম আরও যোগ করেছেন, ‘তাদের প্রথম সন্তান বায়ু কাপুর আহুজা তার ছোট ভাইকে স্বাগত জানাতে পেরে অত্যন্ত আনন্দিত। বায়ু ওর ছোট ভাইকে পেয়ে দারুণ খুশি। এই নতুন জীবন আমাদের ঘরকে আনন্দ এবং আশীর্বাদে ভরিয়ে দিয়েছে। আমরা এখন চারজনের পরিবার।’

স্বামী আনন্দ আর বড় ছেলে বায়ুর তরফ থেকে সবার প্রতি ভালোবাসা জানিয়ে পোস্টে ইতি টেনেছেন কাপুরতনয়া। মা হওয়ার খবর সোশ্যাল মিডিয়ায় শেয়ার করতেই শুভেচ্ছায় ভাসছেন সোনম। ইন্ডাস্ট্রির সতীর্থ থেকে অনুরাগীদের প্রত্যেকেই শুভেচ্ছা জানিয়েছেন অভিনেত্রীকে। কারিনা কাপুর খান থেকে শুরু করে দিয়া মির্জা, হুমা কুরেশি এবং সোনমের বোন রিয়া কাপুর প্রত্যেকেই নতুন অতিথিকে ভালোবাসা জানিয়েছেন। সঞ্জয় কাপুরও তার ভ্রাতুষ্পুত্রীর এই খুশিতে নিজের উচ্ছ্বাস প্রকাশ করেছেন। শুধু তাই নয়, সোনম কাপুরের বাবা বলিউডের বর্ষীয়ান অভিনেতা অনিল কাপুরও ইনস্টাগ্রামে একটি আবেগঘন নোট লিখে দাদু হওয়ার আনন্দ প্রকাশ করেছেন।

২০২২ সালে প্রথম সন্তান বায়ুর জন্ম দেন সোনম। চার বছর পর দ্বিতীয়বার মা-বাবা হিসেবে আরও একবার জীবনের নতুন ইনিংস শুরু করলেন এই অভিনেত্রী। একরত্তিকে ঘিরে এখন কাপুর ও আহুজা পরিবারে খুশির মৌসুম সে কথা বলাই বাহুল্য। সোনমের গর্ভাবস্থার গুঞ্জন শুরু হয়েছিল গত সেপ্টেম্বরে। বেশ কিছু অনুষ্ঠানে সোনম অংশ নেওয়ার পরই অন্তঃসত্ত্বা গুঞ্জন জোরালো হয়।