টঙ্গীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উড়ালসড়কে একটি চলন্ত প্রাইভেটকারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (৩০মার্চ) সন্ধ্যা ছয়টার দিকে টঙ্গী কাদেরিয়া গেট এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। টঙ্গী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার শাহিন আলম আগুন লাগার বিষয়টি নিশ্চিত করেছেন।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, ঢাকা থেকে গাজীপুরগামী একটি প্রাইভেটকার বিআরটি উড়ালসড়কের কাদেরিয়া টেক্সটাইল মিল গেট এলাকার লুপ দিয়ে মহাসড়কে নামার সময় হঠাৎ কারটিতে আগুন ধরে যায়। এ সময় গাড়িতে থাকা চালক ও যাত্রীরা দ্রুত নেমে যায়। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে আগুন পুরো গাড়িতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডের ফলে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে কিছুক্ষণ যানবাহন চলাচল বিঘ্নিত হয়। পরবর্তীতে ফায়ার সার্ভিস কর্মীরা ক্ষতিগ্রস্ত গাড়িটি সড়ক থেকে সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।
টঙ্গী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার শাহিন আলম বলেন, খবর পাওয়া মাত্রই আমাদের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, যান্ত্রিক ত্রুটির কারণে চলন্ত অবস্থায় গাড়িটিতে আগুন লেগেছে। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে জানা যাবে বলে জানান তিনি।