হবিগঞ্জ শহরের একটি আবাসিক হোটেল থেকে এক সাবেক ব্যাংক কর্মকর্তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৩০মার্চ) বিকেলে শহরের আশরাফ জাহান কমপ্লেক্সে সোনারতরী হোটেলের ৪২৫ নম্বর কক্ষের দরজা ভেঙে মরদেহটি উদ্ধার করা হয়। হোটেল কর্তৃপক্ষ ও পুলিশ সূত্রে জানা যায়, কামরুল হাসান (৬৫) জনতা ব্যাংকের অবসরপ্রাপ্ত জেনারেল ম্যানেজার ছিলেন। একসময় ব্যাংকের হবিগঞ্জ শাখায় কর্মরত ছিলেন। তার বাড়ি মাধবপুর উপজেলার ধর্মঘর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে।
হোটেল সূত্র জানায়, তিনি গত ২৩মার্চ দুপুর আনুমানিক বেলা ১টা ৫০ মিনিটের দিকে হোটেলে ওঠেন। তিনি কয়েকদিন ধরে সেখানে অবস্থান করছিলেন। সোমবার দুপুরে হোটেলের এক পরিচ্ছন্নতাকর্মী কক্ষ পরিষ্কারের জন্য গেলে দরজায় বারবার নক করেও ভেতর থেকে কোনো সাড়া পাননি। পরে বিষয়টি হোটেল কর্তৃপক্ষকে জানানো হলে তারা পুলিশকে অবহিত করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে স্থানীয় লোকজন ও হোটেল কর্তৃপক্ষের উপস্থিতিতে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে তাকে মৃত অবস্থায় উদ্ধার করে।
হোটেলের ম্যানেজার দ্বিমান কান্তি নাথ বলেন, কামরুল হাসান কয়েকদিন ধরে কক্ষে অবস্থান করছিলেন। সোমবার দুপুরে ক্লিনার ডাকাডাকি করেও কোনো সাড়া না পেলে আমরা পুলিশকে খবর দিই। ঘটনাস্থলে যাওয়া হবিগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক ধ্রুবেশ জানান, সুরতহাল প্রতিবেদন শেষে মরদেহ হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের মর্গে পাঠানো হবে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।
পুলিশ আরও জানায়, ঘটনাস্থল থেকে একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। তবে সেটি লক থাকায় তাৎক্ষণিকভাবে পরিবারের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। স্বজনদের সন্ধানে চেষ্টা চলছে। স্থানীয় সূত্রে জানা গেছে, মো. কামরুল হাসান বিভিন্ন সময় এ হোটেলসহ শহরের অন্যান্য আবাসিক হোটেলেও অবস্থান করতেন।