ঈদযাত্রায় ১৫ দিনে ৩৭৭ দুর্ঘটনায় নিহত ৩৯৪

পবিত্র ঈদুল ফিতরে দেশের সড়ক, রেল ও নৌপথ মিলিয়ে ৩৭৭টি দুর্ঘটনায় ৩৯৪ জন নিহত ও ১২৮৮ জন আহত হয়েছে বলে জানিয়েছে যাত্রী কল্যাণ সমিতি। গতকাল সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে যাত্রী কল্যাণ সমিতি আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনের মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী এই তথ্য তুলে ধরেন।

প্রতিবেদনে বলা হয়েছে, ঈদের এই ১৫ দিনে সারা দেশে শুধু সড়ক-মহাসড়কে ৩৪৬টি সড়ক দুর্ঘটনায় ৩৫১ জন নিহত এবং অন্তত ১০৪৬ জন আহত হয়েছেন। একই সময়ে রেলপথে ২৩টি দুর্ঘটনায় ৩৫ জন নিহত ও ২২৩ জন আহত হয়েছেন। নৌপথে ৮টি দুর্ঘটনায় আটজন নিহত ও ১৯ জন আহত হয়েছেন, এ ছাড়া তিনজন এখনো নিখোঁজ রয়েছেন।

প্রতিবেদনে দেখা গেছে, বরাবরের মতো এবারও মোটরসাইকেল দুর্ঘটনা শীর্ষে রয়েছে। এবারের ঈদে মোটরসাইকেল দুর্ঘটনায় ১২৫ জন নিহত, ১১৪ জন আহত হয়েছেন। এটি মোট সড়ক দুর্ঘটনার ৩৬.১২%, নিহতের ৩৮.৪৬% এবং আহতের প্রায় ১০.৮৯% অংশীদারত্ব।

ঈদ চলাকালে সড়ক দুর্ঘটনায় আহত বা নিহতদের মধ্যে ৭১ জন চালক, ৫৫ জন শিশু, ৫৪ জন পথচারী, ৫১ জন নারী, ৪২ জন শিক্ষার্থী, ১০ জন পরিবহন শ্রমিক, সাতজন শিক্ষক, চারজন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, তিনজন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, তিনজন প্রকৌশলী, দুজন সাংবাদিক, একজন বীর মুক্তিযোদ্ধা ও একজন চিকিৎসক রয়েছেন।