বিস্ফোরক নেইমার, 'ব্রাজিলে ফুটবলার হওয়া মানে পিষ্ট হওয়া, আমিও তো মানুষ!'

ফিফা ইন্টারন্যাশনাল ব্রেকের ছুটিতে বর্তমানে নিজের দেশেই আছেন সান্তোস তারকা নেইমার। দীর্ঘ ইনজুরি কাটিয়ে এবং ক্লাব ফুটবলে চেনা ছন্দে ফিরে নেইমার এখন স্বপ্ন দেখছেন কার্লো আনচেলত্তির বিশ্বকাপ দলে জায়গা করে নেওয়ার। তবে মাঠের বাইরে নিজের ব্যক্তিগত জীবন এবং ব্রাজিলে একজন পেশাদার অ্যাথলেট হিসেবে টিকে থাকার সংগ্রাম নিয়ে এবার মুখ খুললেন তিনি।

নিজের ইউটিউব চ্যানেলে প্রকাশিত এক ভিডিওতে নেইমার দেখিয়েছেন তার দৈনন্দিন রুটিন—যেখানে মেয়ে মাভির সাথে খুনসুটি থেকে শুরু করে ইনজুরি প্রতিরোধের কঠোর সব থেরাপিও স্থান পেয়েছে।

"কেন আমি সাধারণ কাজগুলো করতে পারি না?"

ব্রাজিলের ফুটবলে প্রত্যাশার যে পাহাড়সম চাপ, তাকে সরাসরি 'নিষ্ঠুর' হিসেবে আখ্যা দিয়েছেন নেইমার। তিনি বলেন, "একজন খেলোয়াড় হওয়ার জন্য বড় মূল্য দিতে হয়। ব্রাজিলে এই জীবনটা খুব কঠিন, মানুষ আপনাকে আক্ষরিক অর্থেই পিষ্ট করে ফেলে। তারা বুঝতে চায় না যে আপনিও একজন সাধারণ মানুষ। আমারও আপনাদের মতোই আবেগ আছে, আমিও কষ্ট পাই, ব্যথায় নীল হই। আমারও মেজাজ খারাপ হয়, আমিও কাঁদি। তাহলে কেন আমি সাধারণ মানুষের মতো কাজগুলো করতে পারব না?"

এমবাপ্পের প্রশংসা ও বিশ্বকাপের লক্ষ্য

ছুটির অবসরে নেইমার টেলিভিশন সেটে চোখ রেখেছিলেন ব্রাজিল বনাম ফ্রান্সের প্রীতি ম্যাচে। সেখানে পিএসজির সাবেক সতীর্থ কিলিয়ান এমবাপ্পের দুর্দান্ত গোলের প্রশংসা করে নেইমার বলেন, "গোলপোস্টের সামনে ও (এমবাপ্পে) ভুল করার লোক নয়।" আসন্ন ২০২৬ বিশ্বকাপ নিয়ে নিজের লক্ষ্যের কথা জানিয়ে এই নাম্বার ১০ বলেন, "বিশ্বকাপ খুব কাছে চলে এসেছে। এই সময়ে সবাইকে নিজেদের সেরা ছন্দে  থাকতে হবে। চলো এগিয়ে যাই!"

ইনজুরি আতঙ্ক তাড়িয়ে বেড়াচ্ছে নেইমারকে

সান্তোসের হয়ে সাম্প্রতিক ম্যাচগুলোতে নিজের শারীরিক অবস্থা নিয়েও কথা বলেছেন নেইমার। ১৫ দিন আগে করিন্থিয়ান্সের বিপক্ষে ডার্বিতে হ্যামস্ট্রিং ইনজুরির ভয়ে ছিলেন বলে স্বীকার করেন তিনি। তবে ভাস্কো দা গামার বিপক্ষে ম্যাচে কোনো ব্যথা ছাড়াই খেলতে পেরে আত্মবিশ্বাস ফিরে পেয়েছেন। ব্যক্তিগত ট্রেইনার রিকার্ডো রোসার অধীনে নিজের ফিটনেস নিয়ে প্রতিনিয়ত কাজ করছেন তিনি, যাতে বিশ্বকাপের আগে কোনো চোট তার পথে বাধা না হয়ে দাঁড়ায়।