সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্ট কীভাবে একজন ক্রিকেটারের ক্যারিয়ার ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে যেতে পারে, তার সবশেষ উদাহরণ নাসিম শাহ। পাকিস্তান সুপার লিগের (পিএসএল) উদ্বোধনী অনুষ্ঠানে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মরিয়ম নেওয়াজকে নিয়ে আপত্তিকর মন্তব্য করার দায়ে নাসিমকে ২ কোটি পাকিস্তানি রুপি জরিমানা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। কিন্তু নাসিম নাকি নিষিদ্ধও হতে পারতেন!
সাবেক পাকিস্তানি ক্রিকেটার বাসিত আলী এক চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছেন। পিসিবি গঠিত তদন্ত কমিটি নাসিমকে দুই বছরের জন্য নিষিদ্ধ করার সুপারিশ করেছিল। বাসিত আলী বলেন, ‘নাসিম শাহ খুবই ভাগ্যবান। ভেতরের খবর হলো, তার ওপর দুই বছরের নিষেধাজ্ঞা আসতে যাচ্ছিল। কিন্তু পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি তাতে বাধা দেন। তিনি বলেন, নাসিমের সামনে উজ্জ্বল ভবিষ্যৎ রয়েছে, তার ক্যারিয়ার নিয়ে খেলা ঠিক হবে না। তাকে বড় অঙ্কের জরিমানা করা হোক, কিন্তু নিষিদ্ধ করা যাবে না।’
পিএসএলের উদ্বোধনী ম্যাচে মরিয়ম নেওয়াজকে দেওয়া রাজকীয় সংবর্ধনার ভিডিও শেয়ার করে নাসিম লিখেছিলেন, ‘তাকে কেন লর্ডসের রানির মতো খাতির করা হচ্ছে?’ মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির মধ্যে দেশের আভ্যন্তরীণ রাজনীতি নিয়ে এমন মন্তব্য পিসিবি-র কেন্দ্রীয় চুক্তির পরিপন্থী। যদিও নাসিম পরে দাবি করেন তার অ্যাকাউন্ট ‘হ্যাক’ করা হয়েছিল, কিন্তু পিসিবি সেই অজুহাত গ্রহণ করেনি। পরবর্তীতে নাসিম নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করলে বোর্ড তাকে জরিমানা করে।
পিসিবি কেবল নাসিমকে জরিমানা করেই ক্ষান্ত হয়নি, তার সামাজিক যোগাযোগমাধ্যম বিষয়ক উপদেষ্টাকে আজীবনের জন্য বহিষ্কার ও কালো তালিকাভুক্ত করেছে। বাসিত আলীর মতে, খেলোয়াড়রা কেন্দ্রীয় চুক্তিতে সই করার সময় নিয়মাবলি ঠিকমতো না পড়ার কারণেই এমন বিপত্তি ঘটে। জরিমানার এই বিপুল অর্থ নাসিমকে পরিশোধ করতে হলেও, দুই বছরের দীর্ঘ নির্বাসন থেকে বেঁচে যাওয়ায় কিছুটা স্বস্তি তো পাবেনই।