লেবাননে ৪ ইসরায়েলি সেনা নিহত

দক্ষিণ লেবাননে যুদ্ধে জড়িয়ে চার ইসরায়েলি সেনা নিহত হয়েছেন। মঙ্গলবার (৩১ মার্চ) দেশটির সেনাবাহিনী এ তথ্য জানিয়েছে। খবর আল জাজিরার।

প্রতিবেদনে আল জাজিরা জানায়, নিহতদের মধ্যে দুজনের বয়স ছিল ২১, একজনের বয়স ২২ বছর।

প্রায় এক মাস ধরে লেবাননে বিমান হামলা ও স্থল অভিযান পরিচালনা করছে ইসরায়েল। লেবানন থেকে ইসরায়েলে হামলা চালানোর পর এই অভিযান শুরু করে তেল আবিব।

লেবাননের কর্তৃপক্ষ জানায়, ইসরায়েলি হামলায় কমপক্ষে ১ হাজার ২৪৭ জন নিহত হন। আহত হন আরও ৩ হাজার ৬৯০ জন।

এর আগে ২৮ ফেব্রুয়ারি ইরানে যৌথ হামলা শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। সেই হামলায় ইরানের আলি খামেনি নিহত হলে ইসরায়েলে হামলা চালায় হিজবুল্লাহ।

এদিকে ইরানে এক মাসের বেশি সময় ধরে চলা যুদ্ধের কারণে বিশ্বের তেলের বাজার অস্থির হয়ে উঠেছে। ইরানও ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যে থাকা বিভিন্ন মার্কিন ঘাঁটিতে হামলা চালাচ্ছে।